বঙ্গ বিজেপির আভ্যন্তরীন টানাপোড়েন, রাজ্যের উদ্বেগজনক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বাংলা সফরে আসছেন অমিত শাহ

আমাদের ভারত, ১৯ এপ্রিল: রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাঝে তার সফর বাতিল হলেও আগামী ৪ মে পশ্চিমবঙ্গে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গেছে, তিন দিনের সফরে রাজ্যে আসবে তিনি।

একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। সূত্রের খবর কলকাতায় সাংগঠনিক বৈঠক করবেন তিনি। এছাড়াও উত্তরবঙ্গে একটি মিছিলে যোগ দেবেন অমিত শাহ। ২১-এ বিধানসভা নির্বাচনে পর এই প্রথম রাজ্যে আসছেন তিনি। এবারের সফরে যেমন নজরে থাকবে বিজেপির আভ্যন্তরীণ টানাপোড়েন তেমনি রাজ্যের উদ্বেগজনক আইন শৃঙ্খলা পরিস্থিতি, বলে মনে করছে রাজনৈতিক মহল।

গত ১৬ এপ্রিল শাহের পশ্চিমবঙ্গে আসার কথা ছিল। সেইমতো বঙ্গ বিজেপিতে প্রস্তুতিও শুরু হয়। কিন্তু শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় অমিত শাহের সেই সফর। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছিলেন আপাতত রাজ্যে আসছেন না তিনি।

একুশে নির্বাচনের আগে ঘাসফুল ছেড়ে পদ্মফুলে যোগ দেওয়ার হিড়িক পড়ে গিয়েছিল। কিন্তু নির্বাচনের ফলাফল প্রকাশের পর ঠিক তার বিপরীত ছবি তৈরি হয়েছে। এখন আবার ঘাসফুল মুখী হয়েছে অনেক পদ্মফুলের নেতা। তারমধ্যে বঙ্গ বিজেপির অনেক নামজাদা নেতাই দলীয় শৃঙ্খলা ভুলে নিজেদের ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করেছেন প্রকাশ্যে।

অন্যদিকে বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। আনিস হত্যাকাণ্ড, বগটুই গণ হত্যাকাণ্ড, ঝালদার কংগ্রেস কাউন্সিলর হত্যাকাণ্ড, মাটিয়া, হাঁসখালির মত একের পর এক গণধর্ষণ কাণ্ড ঘটেই চলেছে রাজ্যে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব বিরোধীরা। বারবার ৩৫৬ ধারা কার্যকর করার দাবি তুলেছেন তারা। এই দাবিতে রাজ্যের বিজেপি সাংসদরা স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

দলের ভেতরের সমস্যা এবং রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি এই দুই পরিস্থিতির মধ্যে অমিত শাহের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *