স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৪ মার্চ: শিক্ষকের প্রহারে গুরুতর অসুস্থ ছাত্র। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল।
বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের করোনেশন হাইস্কুলে ক্লাস চলাকালীন ক্লাসরুমে ছাত্রকে কিল ও ঘুষি মারার অভিযোগ ওঠে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ষষ্ঠ শ্রেণির ছাত্র। পড়ুয়ার নাম দীপ দাস(বয়স ১২)।
তার বাবা মায়ের অভিযোগ, তাদের ছেলে আচমকা স্কুলে অসুস্থ হয়েছে তাকে মেডিক্যাল কলেজে আনা হচ্ছে বলে জানানো হয় স্কুলের তরফে। এরপর হাসপাতালে এসে ছেলেকে এই অবস্থায় দেখে তারাও হতবাক হয়ে যান। এরপর ছেলে ও স্কুলের অন্যান্য শিক্ষকদের কাছ থেকে তাকে পিঠে ও বুকে কিল ঘুসি মারা হয় বলে জানতে পারেন বলে দাবি করেন ছাত্রের বাবা- মা। প্রবল শ্বাসকষ্ট, বুকে পিঠে ব্যাথা আছে বলে দাবি।
এদিকে ওই ছাত্রের মা বলেন, এভাবে ভালো সুস্থ ছেলেকে স্কুলে পাঠালাম। কিন্তু এভাবে স্কুলে শিক্ষকরা পেটালেন এটা কেন হল, তার বিচার চাই।
পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষক অবশ্য দাবি করেন, স্কুলের কোন শিক্ষক একাজে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এমন ঘটনা কখনোই কাম্য নয়। এদিকে স্কুলে ছাত্র পেটানোর ঘটনা কেন ঘটল তা নিয়ে স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি স্কুল কর্তৃপক্ষ।

