জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৬ মে:
সীমান্তের অনুপ্রবেশ, চোরাচালান সবকিছুতেই বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের সেটিং রয়েছে বলে অভিযোগ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শুক্রবার মেদিনীপুরে দলের জেলা কমিটির বৈঠকে যোগ দিতে এসে তিনি অভিযোগ করেন, সীমান্তে যা যা ঘটছে সবই দিল্লি, মুম্বাই, আমেদাবাদ ও কালীঘাটে বসে করা হচ্ছে। সব টাকা সেখানে জড়ো হওয়ার পর ভাগ-বাটোয়ারা করা হচ্ছে। এখানেই রাজনাথ সিং আর মমতা ব্যানার্জির সম্পর্ক এবং বিজেপি ও তৃণমূল কংগ্রেসের সেটিং রয়েছে বলে তিনি অভিযোগ করেন।
মহম্মদ সেলিম দাবি করেন, সীমানায় গরু পাচার, চোরাচালান ইত্যাদি যা কিছু ঘটছে তাতে তৃণমূল ও বিজেপি উভয় দলই যুক্ত রয়েছে। মেদিনীপুরে দলীয় বৈঠকে যোগ দিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক তথা
পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম আরও অভিযোগ করেন, সীমান্তের ঘটনায় এখানকার মন্ত্রীরা যেমন জড়িত রয়েছেন তেমনই আগের স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবারও জড়িত আছে। যুক্ত রয়েছে বিএসএফ।

