উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাঁকুড়া জেলাজুড়ে কড়া নিরাপত্তা, জেলায় পরীক্ষার্থী ৩৯ হাজার ১৩৮

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৩ মার্চ: কড়া নিরাপত্তা ব্যবস্থায় আগামী কাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বাঁকুড়া জেলায় এবার পরীক্ষার্থীর সংখ্যা চল্লিশ হাজারের কাছাকাছি।

এবার মাধ্যমিকে সারা রাজ্যে ৪ লাখ পরীক্ষার্থীর সংখ্যা কম যেমন ছিল, তেমনি বাঁকুড়া জেলাতেও গত বছরের তুলনায় ৪৩ শতাংশ কম পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। এক ধাক্কায় এতটা পরীক্ষার্থী কমে যাওয়ায় কার্যত গেল গেল রব উঠেছিল। রাজ্যের বেহাল শিক্ষা ব্যবস্থাকেই দায়ী করেছিলেন অভিভাবক মহল। তার জেরেই আশঙ্কা ছিল উচ্চ মাধ্যমিকেও কি তার পুনরাবৃত্তি হবে। এই নিয়ে শুরু হয়েছিল চর্চা। সেই আশঙ্কায় জল ঢেলে দিয়ে দেখা গেল বাঁকুড়া জেলায় উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। লক্ষণীয় বিষয় ছাত্রদের তুলনায় বেড়েছে ছাত্রীদের সংখ্যা।

এবার জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৯, ১৩৮ জন। এর মধ্যে ছাত্র ১৭, ৮০৪ জন ও ছাত্রীর সংখ্যা ২১,৩৩৪ জন। ছাত্রদের তুলনায় ৩,৫৩০ জন বেশি ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছেন। ছাত্র-ছাত্রী মিলিয়ে সামগ্রিক ভাবে গতবারের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৬,৪৫২ জন।

উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালন সমিতির সুত্রে জানা গেছে, জেলার ৯৯টি কেন্দ্রে মঙ্গলবার কড়া নিরাপত্তা বলয়ের ঘেরাটোপে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার পরীক্ষা ঘিরে বেশ কিছু বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) পিযূষকান্তি বেরা বলেন, পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটার ব্যাসার্ধ ঘিরে ১৪৪ ধারা জারি থাকছে। অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রের মূল প্রবেশদ্বার পর্যন্ত যেতে পারবেন।

উল্লেখ্য, এবার পরীক্ষা পদ্ধতির পরিবর্তন হয়েছে।গতবছর পর্যন্ত উত্তর লেখার জন্য আলাদা উত্তরপত্র থাকত। এবার তা থাকছে না। মূল উত্তরপত্রেই প্রশ্নের উত্তর লিখতে হবে। মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রেও কিছু বিধি নিষেধ জারি করা হয়েছে। ভেনু সুপারভাইজার, সেন্টার সেক্রেটারি ও সেন্টার ইনচার্জ কেবলমাত্র মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। পরীক্ষকদেরও মোবাইল ব্যবহারে নিষেধ রয়েছে। পরীক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষিকাদের কাছে মোবাইল জমা রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *