আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩০ জুলাই: উত্তর ২৪ পরগনার অন্যতম গুরুত্বপূর্ণ প্রান্তিক রেল স্টেশন বনগাঁর পরিকাঠামোগত উন্নয়ন ও যাত্রী স্বাচ্ছন্দ্যের অগ্রগতি খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শনে এলেন শিয়ালদা ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ডিআরএম রাজীব সাক্সেনা। বৃহস্পতিবার স্টেশন চত্বরে এসে তিনি চলতি উন্নয়নমূলক কাজগুলি ঘুরে দেখেন এবং কাজের গতি বাড়াতে সংশ্লিষ্ট উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিআরএম জানান, বনগাঁ স্টেশনে বর্তমানে যে সমস্ত উন্নয়নমূলক কাজ চলছে, সেগুলির বাস্তব পরিস্থিতি মূল্যায়ণ করতেই এই সফর। বিশেষ করে কেন্দ্র সরকারের স্বপ্নের ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায় বনগাঁ স্টেশনকে বিশ্বমানের ও আধুনিক রূপ দেওয়ার যে কাজ চলছে, তা তিনি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এর পাশাপাশি সাধারণ যাত্রীদের প্রতিদিনের পরিষেবা আরও সুগম করতে যেসব নতুন পদক্ষেপ করা হয়েছে, সেগুলিরও পর্যালোচনা করেন তিনি।
রেল সূত্রের খবর, বনগাঁ স্টেশনকে একটি আধুনিক ও আকর্ষণীয় হাব হিসেবে গড়ে তুলতে স্টেশন চত্বরের পরিকাঠামোগত আমূল পরিবর্তনের কাজ চলছে। যাত্রীদের জন্য আধুনিক বিশ্রামাগার, উন্নত সুযোগ- সুবিধা ও উন্নতমানের প্ল্যাটফর্ম তৈরির একাধিক প্রকল্প বাস্তবায়িত করা হচ্ছে। এ দিন সমস্ত বিভাগীয় আধিকারিকদের নির্ধারিত সময়সীমার মধ্যেই এই সব প্রকল্পের কাজ শেষ করার কড়া নির্দেশ দেন ডিআরএম। ডিআরএমের এই হাই-প্রোফাইল পরিদর্শনের পর বনগাঁ স্টেশনের কাজ আরও গতি পাবে বলে মনে করছেন স্থানীয় রেল কর্তৃপক্ষ। একই সঙ্গে আধুনিক স্টেশনের সুবিধা দ্রুত পেতে চলায় আশাবাদী স্থানীয় নিত্য যাত্রীরাও।

