Dilip Ghosh, BJP, Swarupnagar, “কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি দেখছে,” তৃণমূল সাংসদের বিজেপিতে যোগদানের জল্পনা প্রসঙ্গে স্বরূপনগরে বললেন দিলীপ ঘোষ

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩০ জুলাই: তৃণমূলের একাধিক সাংসদের বিজেপিতে যোগদানের জল্পনা নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গুনরাজপুর গ্রামে আয়োজিত “পান্তা ভাত” কর্মসূচিতে এসে এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “আমরা পার্লামেন্টে সবাই এক জায়গায় কথা বলি, একসঙ্গে খাওয়া- দাওয়া করি। তবে যোগদানের বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্ব দেখছে।”

এদিন গুনরাজপুর গ্রামে দলের নেতা, কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পান্তা ভাত কর্মসূচির আয়োজন করা হয়। প্রকাশ্য মঞ্চে বসেই ঝালমুড়ি খেতে দেখা যায় দিলীপ ঘোষকে। পরে পান্তা ভাতের সঙ্গে কাঁচালঙ্কা, কলমি শাক, আলু মাখা ও মাছ ভাজা দিয়ে মধ্যাহ্নভোজ সারেন তিনি। গ্রামবাংলার মানুষের খাদ্যাভ্যাসের সঙ্গে পান্তা ভাতের সম্পর্কের কথা তুলে ধরে দিলীপ ঘোষ বলেন, পঞ্চায়েত এলাকার বহু মানুষ মাঠে কাজ করেন এবং তাঁদের কাছে পান্তা ভাত দীর্ঘদিনের পরিচিত খাবার। তাঁর কথায়, পান্তা ভাত অত্যন্ত পুষ্টিকর, তাই সকলেরই এই খাবার খাওয়া উচিত।

এদিন বীরভূমে নগদ টাকা ও সোনা উদ্ধারের প্রসঙ্গও ওঠে। পুলিশ সূত্রে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধারের ঘটনায় ব্যবসায়ী মিনার মণ্ডলের গ্রেফতারির প্রসঙ্গে বসিরহাটের এক প্রভাবশালী ব্যবসায়ীর নাম উঠে আসার দাবি করা হয়। বিষয়টি নিয়ে দিলীপ ঘোষ বলেন, “এর আগেও তো সিবিআই তাকে ডেকেছিল। অন্যায় করলে কেউ ছাড় পাবে না।” তবে তদন্তের স্বার্থে অভিযোগ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তদন্ত শেষেই হবে বলে রাজনৈতিক মহলের মত।

অন্যদিকে, স্বরূপনগরের গৃহবধূ শাহিদা ফকিরকে মুম্বই পুলিশ আটক করার পর তাকে হোল্ডিং সেন্টারে রাখা এবং পরবর্তীতে অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ নিয়েও সরব হন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, বৈধ নথিপত্র থাকা কোনও নাগরিককে বাংলাদেশে পাঠানো যায় না। বিষয়টি নিয়ে প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানান তিনি।

স্বরূপনগরের পান্তা ভাত কর্মসূচিকে ঘিরে এদিন বিজেপি কর্মী- সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায়। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি গ্রামবাংলার চেনা খাবারকে সামনে রেখে জনসংযোগেও জোর দেন বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *