আমাদের ভারত, হাওড়া, ৯ নভেম্বর: মাস আটেক আগে ৩৫২ টি চকের উপর বিভিন্ন মনীষী, ব্যাক্তির ভাস্কর্য তৈরি করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিয়েছিলেন বাগনানের মাসিয়াড়া গ্রামের যুবক সুরজিৎ অধিকারী। আর এবার ৩৭৫ টি চকের উপর ভাস্কর্য তৈরি করে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে জায়গা করে নিলেন বিশ্বভারতীর কলা বিভাগের ছাত্র সুরজিৎ। তার হাতের কাজের স্বীকৃতি স্বরূপ সংস্থার পাঠানো মেডেল, শংসাপত্র সহ বিভিন্ন উপহার সোমবার পেয়েছে বাগনানের এই যুবক।
ছোটবেলা থেকেই আঁকার উপর ঝোঁক সুরজিৎ এর। নতুন কিছু করে দেখানোর ইচ্ছা বরাবর। লকডাউনের সময় সেই ইচ্ছা প্রবল হওয়ায় দুইমাস ধরে এক একটি দেড় সেন্টিমিটারের চক দিয়ে ৩৫২ টি ভাস্কর্য বানিয়ে ফেলে সুরজিৎ। হাতে হাতে ফল পান তিনি। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পক্ষ থেকে তার হাতের কাজের স্বীকৃতি দেওয়া হয়। এরপর বসে না থেকে পুনরায় চকের উপর ভাস্কর্য বানানো শুরু। আর এবার ৩৭৫ টি ভাস্কর্য বানিয়ে নিজের নাম ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস নথিভুক্ত করলেন সুরজিৎ।

তিনি জানান, গত ৩০ এপ্রিল তার হাতের কাজ ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসের দপ্তরে পাঠানোর পর ৯ নভেম্বর স্বীকৃতি মেলে। আর সোমবার সংস্থার পাঠানো উপহার তার বাড়িতে পৌঁছায়। তবে এখানেই শেষ নয় গিনেজ বুক অফ রেকর্ডসে নিজের নাম তোলার ইচ্ছা আছে বলে জানান সুরজিৎ অধিকারী।

