মন্দিরের সম্পত্তির মালিক কে? স্পষ্ট করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

আমাদের ভারত, ৮ সেপ্টেম্বর: কোনো মন্দিরের সম্পত্তিতে মালিকানা কার? মঙ্গলবার সুপ্রিমকোর্ট জানিয়ে দিয়েছে মন্দিরের সম্পত্তিতে অধিকার একমাত্র দেবতার। কোনও পুরোহিত তার দেখভাল করতে পারেন কিন্তু তাকে কখনোই নিজের বলে দাবি করতে পারবেন না। মধ্যপ্রদেশ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আবেদনের শুনানিতে‌ মঙ্গলবার এই রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত।

ভূমিশ্বরের অধিকার নিয়ে পুরোহিতরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সুপ্রিম কোর্টের রায়ের পর এটা স্পষ্ট যে মন্দিরের সম্পত্তি বেআইনিভাবে পুরোহিতরা আর বিক্রি করতে পারবেন না। বিচারপতি হেমন্ত গুপ্ত এবং বিচারপতি এ এস বোপান্নার বেঞ্চ জানিয়েছে, মন্দিরের সম্পত্তি পরিচালনার উদ্দেশ্যে পুরোহিত কেবল জমি সংক্রান্ত কাজ করতে পারেন। সে ক্ষেত্রে মালিক কে? সেই প্রশ্ন উঠলে, বলা প্রয়োজন সেটা দেবতা নিজে। তবে মন্দিরের তদারকির কাজ পুরোহিতের হাতেই থাকবে।

এই প্রসঙ্গে শীর্ষ আদালত ব্যক্তিগত মন্দির ও জনসাধারণের মন্দিরের ধারণা স্পষ্ট করেছে। যাতে ভবিষ্যতে কোনো জটিলতা তৈরি না হয়। বিচারপতিরা জানিয়েছে, বাড়িতে যে ঠাকুর ঘর বা মন্দির আছে সেটা বাড়ির মালিকের। কিন্তু জনসাধারনের জন্য যে দেবতার মন্দির থাকে তার মালিক স্বয়ং ঈশ্বর। পুরোহিতরা তার দেখভালের কাজে থাকে। মধ্যপ্রদেশ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে জমা করা একটি পিটিশনের শুনানিতে সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *