কোনো খেলাধুলোতে অংশগ্রহণ করতে পারবে না আফগান মেয়েরা, নিষেধাজ্ঞা জারি তালিবানদের

আমাদের ভারত, ৮ সেপ্টেম্বর: আফগানিস্থান এখন তালিবানদের দখলে। আশরফ ঘানি সরকারের পতন হয়েছে। নতুন তালিবান-সরকার তৈরি হয়ে গেছে। কাবুল দখলের পর তালিবানরা দাবি করেছিল, আগের চেয়ে, তাদের অনেকটাই পরিবর্তন হয়েছে। এখন তারা মেয়েদের শিক্ষার বিরোধী নয়। কিন্তু দিন যত যাচ্ছে তাদের আগের চেহারাই ফিরে আসছে আবার। আফগান মেয়েদের উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি শুরু হয়ে গেছে। বুধবার সে দেশে মহিলাদের যেকোনো ধরনের খেলাধুলায় অংশ গ্রহণে নিষেধাজ্ঞা জারি করল তালিবানরা। ক্রিকেট সহ যেকোনো খেলাধুলার ক্ষেত্রে মহিলাদের শরীর উন্মুক্ত হয়ে যায় আর তাই কোনও খেলার সঙ্গে আফগান মহিলাদের যুক্ত থাকার দরকার নেই বলে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।

তালিবানের কালচারাল কমিশনের ডেপুটি আহমেদুল্লাহ ওয়াজ সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে জানায়, এর আগে মহিলাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার নিয়মে ফতোয়া জারি করেছিল তালিবানরা। কেবলমাত্র মহিলা শিক্ষকরা ছাত্রীদের পড়াতে পারবেন, সেটা কোনওভাবেই সম্ভব না হলে বয়স্ক শিক্ষক, যার চরিত্রে কোনও দাগ নেই কেবল তিনি ছাত্রীদের পড়ানোর দায়িত্ব নিতে পারবেন। এছাড়া বেসরকারি আফগান বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রীদের সবসময় বোরখা পড়তে হবে। শুধু তাই নয় পাশাপাশি ছেলেমেয়েরা বসতে পারবে না। ছেলে ও মেয়েদের মাঝে অবশ্যই পর্দা থাকতে হবে।
আর এসবের পর এবার জারি হল নতুন এই ফতোয়া। যে কোনো রকম খেলাধুলা করতে গেলে তার জন্য নির্দিষ্ট পোশাক পড়তে হয়। তাতে মেয়েদের শরীর উন্মুক্ত হয়। তাতেই আপত্তি তালিবানদের। সেই কারণেই এই নিষেধাজ্ঞা জারি করল তারা।

প্রসঙ্গত মঙ্গলবার রাতেই তালিবানদের নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা হয়েছে। আফগান ভূমে তালিবান সরকারের প্রধানমন্ত্রী হচ্ছে মহম্মদ হাসান আখুন্দ। এই আখুন্দ আবার পাকিস্তানপন্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *