রেলের স্কুল বন্ধ করে দেওয়ার প্রতিবাদ সেভ এডুকেশন কমিটির

আমাদের ভারত, ২৬ এপ্রিল: আসানসোলে রেলের স্কুল বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানাল সারা বাংলা সেভ এডুকেশন কমিটি। রেল শিক্ষার বেসরকারিকরণের রাস্তাকে আরও সুগম করতে চলেছে বলেও অভিযোগ তোলা হয়েছে।

মঙ্গলবার সংগঠনের সম্পাদক তরুণকান্তি নস্কর এই প্রতিবেদককে জানান, “রেলবোর্ডের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী আসানসোলের ‘ইস্টার্ন রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুল’ বন্ধের নোটিশ দিয়েছে। বর্তমানে যেসব পড়ুয়া দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণিতে পড়ছে তাদের অন্য কোনও স্কুলে ভর্তি হতে বলেছে। এছাড়া ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতেও ভর্তি বন্ধ করতে বলেছে।

নোটিশে অভিভাবকরা যদি কোনও পছন্দের স্কুলে ভর্তি হতে চায় তাতে রেল-স্কুল কর্তৃপক্ষ সাহায্য করার কথা বলেছে। এমনকি ‘ইন্ডিয়া ইন্টারন্যাশানাল’ নামে এক বেসরকারি স্কুলে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছে। উল্লেখ্য, ২৭/১/২১ তারিখের ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজারের নোটিশে কেবলমাত্র ‘এন্ট্রিস্তরে’ ভর্তি বন্ধ করতে বলা হয়েছিল অথচ আসানসোলের স্কুলটি কেবল ভর্তি বন্ধ করছে না, ২-৮ শ্রেণি পর্যন্ত যারা পড়ছে তাদেরকে অন্য বেসরকারি স্কুলে ভর্তি হতে বলছে। অর্থাৎ পরের শিক্ষাবর্ষে বর্তমান পড়ুয়াদের দায়িত্বও নিতে চাইছে না।

কেন্দ্রীয় সরকারের এই ঘোষণা কেবল শিক্ষার সংকোচন করবে না, শিক্ষার বেসরকারিকরণের রাস্তাকে আরও সুগম করবে। এই ঘোষণা জাতীয় শিক্ষানীতিতে বেসরকারিকরণের যে খুল্লাম-খুল্লা ব্যবস্থা করা হয়েছে তারই অনুসারী। আমরা এই ঘোষণার তীব্র বিরোধিতা করছে এবং অবিলম্বে তা প্রত্যাহার করার দাবি করছি।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *