অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৬ এপ্রিল: গোপীবল্লভপুরের নয়াবসান গ্রামে সাতসকালে বাড়ির পাশের আমড়া গাছ থেকে উদ্ধার হল তরতাজা যুবকের ঝুলন্ত মৃতদেহ। মঙ্গলবার সকালের এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সুত্রে খবর, মৃত যুবকের নাম নয়ন মিশ্র, বয়স ২৪ বছর, বাড়ি পূর্ব নয়াবসান গ্রামে।ওই যুবক এলাকার বিভিন্ন অনুষ্ঠানে ফুল সাজানোর কাজ করত।
জানাগেছে, এদিন সকালে বাড়ির সামনে একটি আমড়া গাছে যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। পরে বাড়ির লোকজনকে ঘটনাটা জানানোয় পরিবারের লোকজন একেবারে কান্নায় ভেঙে পড়েন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গোপীবল্লভপুর থানায়।পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে জানা গেছে।
কিন্তু এলাকার একজন তরতাজা যুবকের এই অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।তবে পরিবারের পক্ষ থেকে বাড়িতে ওই যুবককে নিয়ে কোনো ঝামেলা হয়েছে বলে জানা যায়নি। মৃত্যুর কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে গোপীবল্লভপুর থানার পুলিশ।

