অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২২ ডিসেম্বর: দেশের আদিবাসী সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি মেনে ২০০৩ সালের ২২ ডিসেম্বর সাঁওতালি ভাষা ভারতবর্ষের সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত হয়েছে। সাঁওতালি ভাষা সম্প্রদায়ের সেই সাংবিধানিক বিজয়ের পর প্রতি বছর ২২ ডিসেম্বর আদিবাসী সম্প্রদায় সাঁওতালি ভাষা দিবস হিসাবে পালন করে আসছেন। সেই অনুযায়ী বুধবার গোপীবল্লভপুরের সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পালন করলেন সাঁওতালি ভাষা দিবস।

এদিন কলেজ চত্বরে ছাত্রছাত্রীরা পণ্ডিত রঘুনাথ মুর্মুর প্রতিকৃতিকে সম্মান জানিয়ে আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি পরিবেশনের মাধ্যমে দিনটি পালন করেন। উপস্থিত ছিলেন সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের সমস্ত অধ্যাপক ও সাঁওতালি বিভাগের ছাত্র ছাত্রীরা।


