আমাদের ভারত, ২২ ডিসেম্বর: মেয়েদের বিয়ের বয়স ন্যূনতম ২১ বছর করার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কিন্তু এর বিরোধিতা করেছেন বেশ কয়েকটি বিরোধী দল। সেই প্রসঙ্গ টেনে উত্তরপ্রদেশে একটি সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মোদী বলেন, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স সীমা বাড়ানো হোক তা চায় না বিরোধীরা। আর এই সব কিছু নজরে রাখছেন মহিলারা।
উত্তরপ্রদেশে প্রয়াগরাজে একটি সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে প্রায় দুই লক্ষেরও বেশী মহিলা দর্শক হিসেবে উপস্থিত ছিলেন। তাদের উদ্দেশ্যে মোদী বলেন, “কেন্দ্র সরকার মেয়েদের জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ করেছে। এতদিন মেয়েদের বিয়ের বয়স সীমা ছিল ১৮ বছর। কিন্তু মেয়েদের শিক্ষিত হওয়ার জন্য আরও বেশি সময় প্রয়োজন। তাই সেটি বাড়িয়ে ২১ বছর করতে চাইছি আমরা।”
এরপর কোনো দলের নাম না করেই বিরোধীদের কটাক্ষ করে মোদী বলেন, “কেন্দ্র সরকারের এই পদক্ষেপ নিয়ে যাদের সমস্যা হচ্ছে তাদেরকে নজরে রাখছে মহিলারা।”
সমাজবাদী পার্টি ছাড়াও কংগ্রেস সিপিএম সহ বেশকিছু দলের নেতারা সংসদে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স সীমা বাড়ানোর বিলের বিরোধিতা করবেন বলে জানিয়েছেন। যদিও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এই বিষয়ে কোনো মন্তব্য না করেই সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছেন, তারা একটি প্রগতিশীল রাজনৈতিক দল। অন্যদিকে মোদীর এই মন্তব্যের পাল্টা দিতে গিয়ে প্রিয়াঙ্কা ভঢ়রা প্রশ্ন তুলেছেন, গত পাঁচ বছরে এই ঘোষণা কেন করেননি? ভোটের সময় কেন? মেয়েরা এখন সচেতন।
বক্তব্য রাখার সময় মোদী দাবি করেন, উত্তরপ্রদেশে বিরোধীদের ক্ষমতায় দেবেন না মহিলারা। যোগী সরকার মহিলাদের ক্ষমতায়ন ও নিরাপত্তার জন্য যা করেছে তা দৃষ্টান্তমূলক। তার কথায় উত্তরপ্রদেশে এখন নিরাপদ এখানে কাজের সুযোগ অনেক বেশি। মা বোনেদের আশীর্বাদ যতক্ষণ আমাদের সঙ্গে আছে আমি আত্মবিশ্বাসী। কেউ উত্তরপ্রদেশকে অন্ধকারে ঠেলতে পারবে না।
এরপরই আগের অবিজেপি সরকারকে কটাক্ষ করে, মোদী বলেন, পাঁচ বছর আগে উত্তরপ্রদেশের রাস্তা মাফিয়া ও দুষ্কৃতীদের দখলে থাকতো। আর তার জন্য সবথেকে বেশি ভুগতে হত মহিলাদের। নিশ্চিন্তে মা-বোনরা চলাফেরা করতে পারতেন না। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে। এর পাশাপাশি নারী কল্যাণে কেন্দ্রীয় সরকার এবং যোগী সরকারের একাধিক প্রকল্পের সুবিধার কথা উল্লেখ করেন মোদী। দেশে কন্যাসন্তানের আনুপাতিক হার বেড়েছে বলেও দাবি করেন তিনি।

