স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২২ ডিসেম্বর: সদ্যোজাত সন্তানকে স্বীকৃতি দিতে অস্বীকার করছে প্রেমিক, অন্যদিকে শিশুর পিতৃ পরিচয় দিতে না পারলে এলাকায় ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি প্রতিবেশীদের। এই অবস্থায় সমস্যায় পড়েছে কুমারী মা ও তার পরিবার। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে। যদিও আইনানুগভাবে কুমারী মা ও তার সন্তানের উপযুক্ত ব্যবস্থা নেওয়ার ও আইনের পথেই সুরাহার আশ্বাস দিয়েছেন স্থানীয় কাউন্সিলার। রায়গঞ্জ মহিলা থানায় অভিযোগ দায়ের করেছে অসহায় পরিবার।

প্রেমিকার সন্তানকে অস্বীকার করেছে প্রেমিক। বাবার পরিচয় না পেলে সমাজে স্থান দিতে নারাজ পাড়া প্রতিবেশীরা বলে অভিযোগ। রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি শিশু ও তার মা।

একদিকে অর্থনৈতিক সমস্যা তার উপরে সামাজিক প্রতিকূলতায় সমস্যায় পড়েছে পরিবারটি। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর ও সমাজকর্মীরা পাশে থাকার আশ্বাস দিলেও, এখনও কোনো কুল কিনারা পাচ্ছে না পরিবার। অবশেষে পরিবারটি দ্বারস্থ হয়েছে পুলিশের। অভিযোগ দায়ের করেছে ওই সন্তানের পিতা তথা কুমারী মায়ের প্রেমিকের বিরুদ্ধে। অভিযোগকারীর মা গৃহ পরিচারিকার কাজ করেই সংসার চালান, বাবা ভিন রাজ্যের শ্রমিক। এই রকম অবস্থায় ওই কুমারী মায়ের পাশেই ছিল তার মা। কিন্তু বাধা হয়েছে সমাজ বলে অভিযোগ। তারা পিতৃ পরিচয়হীন কোনও সন্তানের মা বা তার পরিবারকে পাড়ায় ঢুকতে দেবে না, এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ওই কুমারীর মায়ের পরিবারকে। অসহায় ওই কুমারী মায়ের পরিবার কি করবেন তা বুঝে উঠতে পারছে না।

যদিও স্থানীয় কাউন্সিলর বলেছেন, আইন অনুযায়ী যা হবার তাই হবে। রায়গঞ্জের সমাজকর্মীরা অবশ্য ওই কুমারী মায়ের দিকে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। ওই মা চাইলে সিঙ্গেল মাদার হিসাবে সন্তানকে লালন পালন করবেন এবং সে বিষয়ে ওই পরিবারের পাশে থাকবেন বলে জানিয়েছেন সমাজ কর্মীরা।

