সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২৩ জুলাই: বিদ্যুৎ উৎপাদনে সারা দেশের মধ্যে নজির সৃষ্টি করল পুরুলিয়ার সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্র। দেশের মধ্যে গড় বিদ্যুৎ উৎপাদনে এই কেন্দ্র উঠে এল প্রথম স্থানে। কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ মন্ত্রক এই তথ্য প্রকাশ করে।
সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র হ’ল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পাড়া অঞ্চলে অবস্থিত একটি বৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র। এটি ১৯৭৪ সালে ১ জানুয়ারী উদ্বোধন হয়। এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ৫০০ মেগাওয়াট। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের অন্তর্গত সাঁওতালডি তাপবিদ্যুত কেন্দ্র রাজ্যের মধ্যে অন্যতম প্রাচীন বিদ্যুৎ উৎপাদন কারখানা।

কেন্দ্রের জেনারেল ম্যানেজার সুস্নাত আইচ জানান, কারখানার দুটি ইউনিটে ২৫০ মেগাওয়াট করে মোট পাঁচশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। চলতি মাসে কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ মন্ত্রক সারা দেশের বিদ্যুৎ উৎপাদন কারখানাগুলি নিয়ে একটি সমীক্ষা করে। তাতে দেখা যায় এপ্রিল থেকে আগস্ট এই পাঁচ মাসে ধারাবাহিক ভাবে ৯২.৮ শতাংশ হারে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে।
উল্লেখ্য, এই সাফল্য নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ট্যুইটও করেন। তিনি অভিনন্দন জানান কেন্দ্রের কর্মীদের। বিষয়টি কর্তৃপক্ষের স্বস্তি আনে। কারণ রুগ্ন প্রায় এই কেন্দ্র এক সময় ধুঁকছিল। সেটা কাটিয়ে সাফল্যের মুখ দেখছে।
পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম কর্মচারী সংঘ
সাঁতালডিহি ডিভিশন কমিটির সম্পাদক রাজেশ কুমার শ্রীবাস্তব বলেন, “সম্মিলিত প্রচেষ্টার সাফল্য এটা। বিদ্যুৎ মন্ত্রকের এই পরিসংখ্যান আমাদের আরও উৎসাহিত করে তুলছে।”

