জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: টানা দুর্যোগের ফলে পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কেশপুর সবং ও পিংলার বিভিন্ন এলাকায় প্লাবন দেখা দিয়েছে। বন্যা প্লাবিত এলাকার মানুষজনদের ত্রাণ শিবিরে সরিয়ে ফেলা হয়েছে।
কেশপুর, ঘাটাল, পিংলা ও সবং এলাকার অধিকাংশ বাড়ি এবং বিদ্যালয় জলে ডুবে থাকায় সমস্যা আরও বেড়েছে। ওইসব এলাকার গ্রামীন ও রাজ্য সড়কের উপর দিয়ে এক কোমর জল বইছে। এর ফলে বিশেষ করে কেশপুর ব্লকের সঙ্গে মেদিনীপুর জেলা শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে জেলাশাসক রেশমি কমল জানিয়েছেন।

সবং ব্লকের কেলেঘাই নদীর বাঁধের ওপর প্রায় তিনশোটি পরিবার ত্রিপল খাটিয়ে অসহায় অবস্থায় রয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে তাদের যথাসাধ্য ত্রাণসামগ্রী দেওয়া হচ্ছে। কেশপুর ব্লকের ধলহারা পঞ্চায়েত এলাকায় সমস্ত গ্রামীণ সড়ক বন্যার তোড়ে ভেসে গেছে। জীবনের ঝুঁকি নিয়ে ওই এলাকার বাসিন্দাদের যাতায়াত করতে হচ্ছে। আনন্দপুর অঞ্চলে রাজ্য সড়ক ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে মেদিনীপুরের সঙ্গে। সবং ব্লকের তেমাথানি- পটাশপুর রাজ্য সড়ক জলের তলায় ডুবে রয়েছে। ওই এলাকার একাধিক গ্রাম পুরোপুরি জলমগ্ন হওয়ায় সমস্ত মানুষকে সরিয়ে আনা হয়েছে।
ইতিমধ্যেই সবং ও পিংলা এলাকার দু’লক্ষ মানুষ বানভাসি হয়েছেন বলে জেলা প্রশাসন সূত্রে খবর। কেলেঘাই, কপালেশ্বরী, শিলাবতী, কংসাবতী প্রভৃতি নদীতে এমনিতেই জলস্তর বেড়েছে। ফের দুর্যোগের বৃষ্টির ফলে জলস্তর আরও বেড়ে গিয়ে বহু এলাকা বানভাসি হতে পারে। তখন আরও কয়েক হাজার মানুষের বানভাসি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

