সাদিকুল ও সাংসদ সুকান্তর তৎপরতায় বাংলাদেশ থেকে তিন বন্দি ফিরল ভারতে, আবেগে আপ্লুত পরিবার, খুশির হাওয়া হিলিতে

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৩ জুলাই: সাদিকুল ও সাংসদ সুকান্ত মজুমদারের হস্তক্ষেপে ভারতে ফিরলো তিন বন্দি। দীর্ঘ কয়েক বছর বাংলাদেশের জেলে বন্দি থাকা মানসিক ভারসাম্যহীন ছেলেকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত অসহায় এক বৃদ্ধ বাবা মা। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার হিলির আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্তে প্রত্যাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানাগেছে, বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুর জেলার হিলির ধরন্দা গ্রামের বাসিন্দা বিনোদ দেবনাথ। বিনোদবাবু স্ত্রী ছবি দেবনাথ ও তাদের একমাত্র ছেলে মানিক দেবনাথকে নিয়ে থাকতেন। ২০১৯ সালের ৮ মার্চ বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে বেড়িয়ে আর ফেরেনি তাদের একমাত্র সন্তান মানিক দেবনাথ (৩২)। বাড়ি থেকে চলে যাওয়ার আগে বেশ কিছুদিন মানসিক অবসাদে ভুগছিল বলে জানা যায়। অনেক খোঁজাখুঁজির পর তারা জানতে পারে মানসিক ভারসাম্যহীন হওয়ায় পথ ভুলে বাংলাদেশে চলে যায় সে। ঘটনার পর ছেলে নিখোঁজের বিষয়ে জেলা পুলিশ সুপারকে লিখিত অভিযোগ জানায় ওই দম্পতি। পরে তারা জানতে পারেন বাংলাদেশের জেলে তাদের ছেলে বন্দি রয়েছে। পাসপোর্ট করে ছেলেকে ফিরিয়ে আনতে বাংলাদেশের দিনাজপুর জেলার বিরামপুর থানায় গেলেও বৃদ্ধ দম্পতি জানতে পারেন অবৈধ অনুপ্রবেশের কারণে মানিকের ১ বছর কারাদণ্ডের নির্দেশ দেয় সেই দেশের সরকার। বাধ্য হয়ে ফিরে আসতে হয় অসহায় দম্পতিকে। এরপরেই সারা বিশ্বে করোনার লকডাউন শুরু হয়।

দেখতে দেখতে একবছর পেরিয়ে আরও একবছর হয়ে গেলেও ছেলেকে ফিরে পাননি ওই দম্পতি। জেলা প্রশাসন থেকে বাংলাদেশ হাইকমিশন সর্বত্র দরবার করেও কোনও ফল পাননি তারা। বিভিন্ন পত্রপত্রিকাতেও লেখালেখি হয় এই বিষয়ে। ঘটনা জানতে পেরেই মানসিক ভারসাম্যহীন ওই ছেলেকে ফেরাতে মরিয়া হয়ে ওঠেন বীরভূমের বাসিন্দা তথা সমাজসেবক সাদিকুল ইসলাম। বাংলাদেশ থেকে ভারত একাধিক সরকারি অফিসে যোগাযোগ করে এ ব্যাপারে তৎপর হন সাদিকুল। অন্যদিকে একমাত্র ছেলেকে ফিরে পেতে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের দ্বারস্থ হয় ওই পরিবার। বিষয়টি জেনেই সাংসদ সুকান্ত মজুমদার দ্রুত দিল্লিতে বিদেশমন্ত্রকে দরবার করে। আর এরপরেই এদিন বৃদ্ধ দম্পতি ফিরে পায় তাদের একমাত্র ছেলেকে। এদিন একই সাথে ইসলামপুরের কুচিলা এলাকার দুই বাসিন্দা তাজু মহম্মদ এবং মাস্টার একেল’কেও বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা হয়েছে। এইজন্য সাংসদ ও সংবাদমাধ্যমকে সাধুবাদ জানিয়েছেন তাঁদের পরিবারের লোকেরা। এদিন মানিক দেবনাথ তার বাংলাদেশের জেলে থাকার অভিজ্ঞতার কথা তুলে ধরেন সংবাদমাধ্যমের কাছে।

সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, বেশ ভাল লাগছে মানিককে ফিরিয়ে আনতে পেরে। তবে আরো বেশি খুশি হতাম যদি আরো আগে তাকে ওদেশের জেল থেকে মুক্ত করে নিয়ে আসতে পারতাম।

সাদিকুল ইসলাম বলেন, মানুষ হয়ে মানুষের জন্য কিছু করবার ভাবনা নিয়েই একাজে নেমেছেন। দীর্ঘ কয়েকবছর ধরে এধরনের কাজ করছেন। আজ তিনজনকে ফেরাতে পেরে খুবই ভালো লাগছে।

বাবা বিনোদ দেবনাথ জানিয়েছেন, সাংসদকে ধন্যবাদ দেবার ভাষা নেই। ছেলেকে ফিরে পেয়ে তিনি আনন্দে আত্মহারা।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি শিপ্রা রায় বলেন, অবৈধভাবে সীমান্ত পার হবার কারনে বাংলাদেশে তারা বন্দি ছিলেন। এদিন তিনজনকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *