জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ জানুয়ারি: বুধবার রাতে সদ্যোজাত তিন সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মেদিনীপুর শহরের আবাস এলাকার তলকুইয়ের গৃহবধূ রুফিনা হেমরম। অন্তঃসত্ত্বা হওয়ার পর তার গর্ভে তিনটি সন্তান রয়েছে বলে জানতে পারেন রুফিনা। গত ২৪ ডিসেম্বর তাকে ভর্তি করা হয় শহরের স্পন্দন নামে একটি বেসরকারি হাসপাতালে।
৩১ সপ্তাহের মাথায় ২৫ ডিসেম্বর তার গর্ভে অস্ত্রোপচার করেন হাসপাতালের স্ত্রী ও প্রসূতি বিশেষজ্ঞ ডা: কিংকর রায়। শিশু তিনটের মধ্যে একটি ছেলে ও দুটি মেয়ে। তাদের প্রত্যেকের ওজন এক কেজি থেকে দুই কেজির মধ্যে। এই অবস্থায় শিশু তিনটিকে বাঁচানোর প্রচেষ্টা শুরু হয়। শিশুদের ভর্তি করা হয় হাসপাতালের স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে। শিশু বিশেষজ্ঞ ডাক্তার দীপক কুমার মাসান্তের তত্ত্বাবধানে চিকিৎসা চলতে থাকে। প্রায় দশ দিন চিকিৎসার পর বুধবার রাতে প্রসূতি ও শিশুদের সুস্থভাবে বাড়ি পাঠানো হয়।
ডা: মাসান্ত বলেন, তথ্য অনুযায়ী প্রতি সাত হাজার প্রসূতির মধ্যে একসঙ্গে তিন তিনটি শিশুর জন্ম দেওয়ার ঘটনা রয়েছে। তবে ভূমিষ্ঠ শিশুদের মধ্যে এক বা একাধিক শিশু মারা যায়। তিনজন বাঁচে না। সে ক্ষেত্রে এই ঘটনা বিরল।

