রাজেন রায়, কলকাতা, ১০ নভেম্বর: যানজট এড়াতে শহরের বুকে ইতিমধ্যেই তৈরি হয়েছে একাধিক স্কাইওয়াক। তারমধ্যে রয়েছে দক্ষিণেশ্বর স্কাইওয়াক, কালিঘাট স্কাইওয়াকের মত আরও অনেক। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও এক। বাইপাসে, রুবি হাসপাতাল মোড়ে তৈরি হতে চলেছ এই স্কাইওয়াক।
শহরের বুকে তৈরি হতে চলেছে আরও একটি স্কাইওয়াক, তাও আবার বৃত্তাকার। এটি তৈরি হবে বাইপাসে, ঠিক রুবি হাসপাতাল মোড়ে। কেএমডিএ সূত্রে খবর, আগামী বছর থেকেই শুরু হয়ে যাবে নির্মাণের কাজ।
কাছেই তৈরি হতে চলেছে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন। জানা গিয়েছে, ওই মেট্রো স্টেশনের সঙ্গে সংযুক্ত রেখে তৈরি করা হবে স্কাইওয়াকটি। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার সংযোগস্থল এই রুবি হাসপাতাল মোড়। রোজ বিপুল সংখ্যক মানুষের যাতায়াত লেগেই থাকে এই রাস্তায়। ফলে রাস্তা পারাপারের ক্ষেত্রেও অসুবিধার সম্মুখীন হতে হয় নিত্যযাত্রীদের। মেট্রো-যাত্রীদের যাতায়াতের সুবিধার্থেই মূলত এটি নির্মাণ করা হচ্ছে কেএমডিএ-র পক্ষ থেকে।
শহরে বৃত্তাকার স্কাইওয়াক হিসেবে এটাই প্রথম। জানা গিয়েছে, এর আনুমানিক ব্যয় প্রায় ৫০ কোটি টাকা। কাঠামোটি উচ্চতায় ১৮ ফুট বা ৫.৪ মিটার ও দৈর্ঘ্যে হবে ২৪০ মিটার। স্টিলের কাঠামোতে ৫ মিটার চওড়া ওয়াকওয়ের উভয় পাশে কাঁচের দেয়াল থাকবে।
নবান্ন সূত্রে খবর, কেএমডিএ-র পক্ষ থেকে ডিপিআর বা ডিটেইলস প্রজেক্ট রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। সেই রিপোর্ট পাঠানোও হয়ে গিয়েছে অর্থ দফতরকে। শুধুমাত্র তাদের সম্মতির অপেক্ষা। অর্থ দফতরের অনুমতি পেলেই কাজে হাত দেবে কেএমডিএ।

