দু’দিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার যুবকের পচা-গলা দেহ, চাঞ্চল্য ধানতলায়

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ এপ্রিল: এক যুবকের পচা গলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটে নদিয়ার ধানতলা থানার বহিরগাছি এলাকায়।

ওই যুবকের পরিবার সূত্রে জানা যায় ২ দিন আগে বাড়ি থেকে বেরিয়ে যায় তারপর আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও খোঁজ না পেয়ে অবশেষে পরিবারের পক্ষ থেকে একটি মিসিং ডায়েরি করা হয় থানায়। জানা যায় যুবকের নাম মুকেশ ঠিকাদার, বয়স আনুমানিক ২৭ বছর। আজ বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে ওই যুবকের মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মর্গে পাঠায়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ” মুকেশ সাঁতার জানতো। তাছাড়া ও কখনও আত্মঘাতী হতে পারে না। দুদিন ধরে নিখোঁজ ছিল। আমরা অনেক খুঁজেছি কিন্তু কোনও জায়গায় ওকে পাইনি। ওর শত্রু আছে কিনা বা কারুর সাথে সেদিন ওর কোনও গণ্ডগোল হয়েছিল কিনা তা আমাদের জানা নেই। তবে আমাদের আশঙ্কা ওকে হয়তো কেউ খুন করে জলে ফেলে দিয়েছে।” অভিযোগের ভিত্তিতে, যুবকের মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে ধানতলা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *