রাস্তা খারপ, পূর্ব মেদিনীপুর জেলায় ক্যাম্প করে শুরু হল দুয়ারে রেশন

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর : পূর্ব মেদিনীপুর জেলায় বুধবার থেকে শুরু হল পরীক্ষামূলক দুয়ারে রেশন প্রকল্প। সারা রাজ্যের সঙ্গে এই জেলাতেও ১৩৬ জন ডিলারের মাধ্যমে এই প্রকল্প শুরু হল। এই পরীক্ষামূলক দুয়ারে রেশন সাফল্য পেলে নিয়মিত শুরু হবে।

বুধবার তমলুক জেলা সদরসহ বিভিন্ন ব্লকে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া হয়। বাড়ি বসে রেশন পাওয়া খুশি গ্রাহকরা। নন্দকুমার ব্লক এর বহরমপুর গ্রামে গিয়ে জানা গেলো, প্রায় তিন কিলোমিটার দূর থেকে রেশন নিয়ে আসতে হোত এতদিন। বাড়িতে রেশন পৌঁছে দিয়ে যাওয়ায় খুশি হয়েছেন গ্রাহকরা। এই পরীক্ষামূলক রেশন দেওয়ার সময় বহরমপুর গ্রামে উপস্থিত পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) মিস দিব্যা মুরুগেসন। সঙ্গে ছিলেন নন্দকুমার ব্লকের বিডিও সানু বক্সী সহ অন্যান্য আধিকারিকরা।

তবে সমস্যায় পড়ছেন রেশন ডিলাররা। গ্রামে গঞ্জের রাস্তাঘাট ভালো নয় তার ওপরে আছে নেটওয়ার্কের সমস্যা। ফলে কিছুটা হলেও অসুবিধায় পড়ছেন ডিলাররা।
বর্ষা এবং বিভিন্ন কারণে ডিলাররা কিন্তু সব জায়গাতে বাড়িতে বাড়িতে গিয়ে রেশন পৌঁছে দিতে পারেনি। কিছু জায়গায় বাড়িতে বাড়িতে রেশন দেওয়া হলেও অধিকাংশ জায়গাতেই একেকটা পাড়ায় গিয়ে এই রেশন বিলি করা হয়েছে ক্যাম্প করে। ডিলাররা জানিয়েছেন, অধিকাংশ জায়গায় রাস্তা খারাপ এবং নেটওয়ার্কের সমস্যা। অতিরিক্ত বর্ষার কারণে আবার অনেক জায়গাতেই রাস্তা জলের তলায়। ফলে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া যায়নি। তাই এলাকায় গিয়ে পাড়ায় পাড়ায় ক্যাম্প করে রেশন দেওয়া হয়েছে। রেশন ডিলারদের দাবি, সরকারের নির্দেশ মতো তারা বাড়িতে বাড়িতে যাবেন তবে সরকার যেন তাদের অসুবিধার দিকগুলোও বিবেচনা করেন। তবে বাড়িতে বা এলাকায় রেশন পেয়ে খুশি গ্রাহকরা। তারা চাইছেন এই ব্যবস্থা যেন বজায় থাকে সবসময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *