ভগবানপুরে দীর্ঘদিন পর ঘরে ফেরা ৩ বিজেপি কর্মীকে মারধর, ভোজালির কোপ, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৫ সেপ্টেম্বর: ভোট পরবর্তী হিংসার জেরে গণনার পর থেকে ভগবানপুর বিধানসভা এলাকার বহু বিজেপি কর্মী এখনো ঘরছাড় হয়ে রয়েছে বলে অভিযোগ বিজেপির। কিছু কিছু এলাকায় বিজেপি কর্মীরা ঘরে ফিরলেও অর্জুনগড় অঞ্চলের জানুমানু ও নিজনাড়ুয়া বুথের ২১৩ ও ২১৪ নং অঞ্চলের তিনজন বিজেপি কর্মী গোবিন্দ দাস, গোবিন্দ বারিক ও শম্ভু দাস এতদিন বাড়ি ফিরতে পারেনি সন্ত্রাসের ভয়ে। বাড়ি না ফিরতে পারা এই তিনজন গত ১৩ তারিখ সোমবার রাতে পুলিশের উপস্থিতিতে বাড়ি ফেরেন।

আজ সকালে এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাহিনী এই তিনজন বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে তান্ডব চালায়, মারধর করে এবং পায়ে ভোজালির কোপ দেয় এবং যাওয়ার সময় বলে যায় পুলিশকে জানালে পুরো পরিবারকে প্রাণে মেরে ফেলা হবে। হুমকি দেওয়ার পাশাপাশি মোবাইল ফোন নিয়ে নেয় তৃণমূলের দুষ্কৃতীরা বলে বিজেপির অভিযোগ।

পরে স্থানীয় বিজেপি কর্মীদের সহযোগিতায় গোবিন্দ দাসকে এগরা সুপার পেস্প্যালিটি হাসপাতাল ভর্তি করা হয়। এছাড়া গোবিন্দ বারিক ও শম্ভু দাসকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এই গন্ডগোল বলে তাদের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *