কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর:
নিম্নচাপের প্রভাবে দু,দিনের বৃষ্টিতে ঘাটাল মহকুমায় ফের বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। মাত্র এক মাস আগেই ঘাটালে ভয়াবহ বন্যা হয়েছিল। করোনা, লকডাউন এবং বন্যার মাঝে মহকুমার বাসিন্দারা সবেমাত্র ঘুরে দাঁড়ানোর সময় ফের বন্যার আশঙ্কায় যেন অশনিসংকেত দেখা যাচ্ছে।
ঘাটাল পৌরসভা এলাকার ১, ২, ৯, ১০ নম্বর ওয়ার্ড প্লাবিত হতে শুরু করেছে। ওই ওয়ার্ডগুলির নিচু এলাকাগুলিতে বন্যার জল ঢুকতে শুরু করেছে। এদিকে বৃষ্টির জলে প্লাবিত ১৩, ১৬, ১৭ নম্বর ওয়ার্ডের বেশকিছু রাস্তাঘাট।
ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর বৃষ্টির জলে প্লাবিত।

গতবারের বন্যার পরে শিলাবতী এবং কংসাবতী নদীর সার্কিট বাঁধগুলি না সারানোর ফলে সেই ভাঙ্গা অংশগুলি দিয়ে জল প্রবেশ করে, দাসপুর এক ব্লকের নাড়াজোল এবং নিজ–নাড়াজল এলাকা প্লাবিত হয়েছে। নিজ নাড়াজল গ্রাম পঞ্চায়েত এলাকা ও রাজনগর গ্রাম প্লাবিত হয়েছে। দাসপুর ২ ব্লকের খেপুত গ্রাম পঞ্চায়েত এলাকায় মহিষঘাটার বাঁশের সাঁকো জলের তোড়ে ভেঙ্গে গিয়ে যাতায়াত বিচ্ছিন্ন হয়েছে।

দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনিল ভৌমিক জানিয়েছেন, ওই ব্লকের ত্রিশটি মৌজা প্লাবিত হয়েছে।
বুধবার সন্ধ্যার পর থেকেই দাসপুর থানার পুলিশ ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য মাইকে প্রচার করে। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন, প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে এবং আমরা সার্বিক ভাবে প্রস্তুত রয়েছি পরিস্থিতি মোকাবিলার জন্য।

