হাতির হামলায় ফসলের ও ঘরবাড়ির ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ সাঁকরাইলে

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২১ এপ্রিল: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকজুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। হাতির হামলায় ফসলের ও ঘরবাড়ির প্রতিনিয়ত ক্ষতি হচ্ছে।সেইজন্য বৃহস্পতিবার সকাল থেকে সাঁকরাইল ব্লকের নিমপুরা এলাকার বাসিন্দারা ওই এলাকায় থাকা হাতি গুলিকে তাড়ানোর জন্য এবং হাতির হামলায় যাদের ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে নিমপুরা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে। যার ফলে কেশিয়াপাতা থেকে গজাশিমূল যাওয়ার রাস্তায় কোনো যানবাহন চলাচল করেনি। ওই রাস্তায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এলাকার বাসিন্দাদের দাবি, দ্রুত হাতির দলকে ওই এলাকা থেকে সরাতে হবে। সেই সঙ্গে যাদের ঘরবাড়ি ও ফসলের হাতি ক্ষতি করেছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে গ্রামবাসীদের দাবি না মানা পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন বলে জানান। নিমপুরা এলাকায় বৃহস্পতিবার পথ অবরোধের ফলে ওই রাস্তা দিয়ে যাতায়াত করা নিত্যযাত্রীদের সমস্যায় পড়তে হয়েছে। ঘটনাস্থলে আসে বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা।তারা ক্ষতিগ্রস্ত চাষিদের সাথে কথা বলেন এবং বিকেল ৪ টের পর থেকে হাতির দলটিকে অন্যত্র জঙ্গলে নিয়ে যাওয়ার কাজ শুরু করবেন বলে তারা জানান।

বন দপ্তরের আধিকারিকরা জানান, যাদের চাষের জমির উপর হাতির দল তান্ডব চালিয়েছে তা খতিয়ে দেখে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। বন দপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের আশ্বস্ত করায় অবশেষে বেলা ১ টা নাগাদ পথ অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *