খড়গপুরের সাঁকোয়ায় রাস্তার দাবিতে পথ অবরোধ

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ মে: খড়্গপুরের সাঁকোয়ায় রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পরে  বিডিওর আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।


 
খড়্গপুর ২ নং ব্লকের সাঁকোয়া ২ নং গ্রাম পঞ্চায়েতের সাঁকোয়া চক থেকে ফতেচক ও চকসাঁতরা যাওয়ার প্রধান রাস্তাটির অবস্থা বেহাল হয়ে পড়ায় ওই এলাকার বাসিন্দাদের প্রচন্ড সমস্যায় পড়তে হচ্ছে। তাদের অভিযোগ, খানাখন্দে ভরে যাওয়া রাস্তাটি মেরামতের জন্য বারবার আবেদন জানানো সত্ত্বেও প্রশাসনের কোনো হেলদোল নেই। বিগত কয়েক বছর ধরে রাস্তাটি পিচ সড়ক করার কথা প্রশাসনের পক্ষ থেকে বলা হলেও কাজের কাজ কিছুই হয়নি। প্রশাসনের ভ্রুক্ষেপ না থাকায় গ্রামের ভিতরের রাস্তাটিও আজ পর্যন্ত ঢালাই হয়নি। এই গ্রাম দুটি ছাড়া এই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অন্যান্য সমস্ত গ্রামের প্রধান রাস্তা পিচ এবং গ্রামের ভিতরের রাস্তা ঢালাই হয়ে গেছে।

গ্রামবাসীদের অভিযোগ, বিগত কয়েক বছর ধরে হাঁটু সমান খানাখন্দে ভরে থাকলেও মানুষের যাতায়াতের জন্য এক ঝুড়ি মোরামও পড়েনি। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের নজরে বারবার আনা হলেও নির্বাক থেকেছেন তারা। এর ফলে বিডিও অফিস এবং জেলা পরিষদেও বিষয়টি বারবার বলা হয়েছে। কিন্তু তাতেও কোনো ফল হয়নি। এমনকি প্রশাসন আশ্বাস দিয়েও কোনো কাজ করেনি। সেজন্যই বেহাল  পথ ভোগান্তির সমাধানের দাবিতে পথ অবরোধ করে পুনরায় আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। অবিলম্বে এই রাস্তার কোনো স্থায়ী ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর  আন্দোলোনে নামতে বাধ্য হবো। দুপুর ১ টা নাগাদ স্থানীয় বিডিও ঘটনাস্থলে যান। তিনি দ্রুত রাস্তা মেরামতের আশ্বাস দিলে গ্রামবাসীরা অবরোধ তুলে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *