অমরজিৎ দে, ঝাড়গ্রাম,৩০ মে: কৃষি লোন প্রাপকদের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের ঝাড়গ্রাম শাখার দুই মধ্যস্থতাকারীর বিরুদ্ধে।
ঝাড়গ্রাম শহরের কলেজ মোড় এলাকায় ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র শাখার কার্যালয়টি রয়েছে। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের ঝাড়গ্রাম শাখার পক্ষ থেকে কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষি লোন দেওয়ার ব্যবস্থা রয়েছে। প্রায় আট মাস আগে কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষি লোনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ব্যাঙ্কের মধ্যস্থতাকারী দীপক দে ও শুভঙ্কর দে’র মাধ্যমে ব্যাঙ্কে জমা দেন পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানা এলাকার কয়েকটি গ্রামের কয়েকশো জন কৃষক। কারো তিন লক্ষ টাকা, আবার কারোর বা চার ও পাঁচ লক্ষ টাকা কৃষি লোন মঞ্জুর হয়। কিন্তু কোনো কৃষক ব্যাঙ্কের পাস বই, চেক বই, এটিএম কার্ড পায়নি এবং ব্যাঙ্ক থেকে একটা টাকাও তোলেনি। আচমকা ব্যাঙ্ক থেকে তাদের বাড়িতে কৃষি লোনের টাকার সুদ মেটানোর জন্য চিঠি যায়। যার ফলে বিনা মেঘে বজ্রপাতের মত ওই কৃষকরা চমকে উঠেন।
মৃগেন মাইতি, ধীরেন দত্ত, দিলীপ মাইতি সহ প্রায় কয়েকশো জন কৃষক সোমবার ব্যাঙ্কে ছুটে যান। ব্যাঙ্কে যাওয়ার পর ব্যাঙ্কের বর্তমান ম্যানেজার সুজিত বিশ্বাস তাদের ব্যাঙ্কের পাস বই দেয়। কিন্তু তাদের ব্যাঙ্কে এক টাকাও নেই। ওই ব্যাঙ্কের কৃষি লোনের মধ্যস্থতাকারী দুই ব্যক্তি দীপক দে ও শুভঙ্কর দে ওই কয়েকশো জনের প্রায় কয়েক কোটি টাকা ব্যাঙ্ক থেকে তুলে নিয়ে আত্মসাৎ করেছে বলে অভিযোগ। সেই সময় যিনি ওই ব্যাঙ্কের ম্যানেজার ছিলেন তিনি বর্তমানে নেই। বর্তমানে ব্যাঙ্কের নতুন ম্যানেজার সুজিত বিশ্বাসের কাছে তারা লিখিত ভাবে প্রতারণার অভিযোগ দায়ের করেন। সেই সঙ্গে তারা ঝাড়গ্রাম থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ব্যাঙ্কের বর্তমান ম্যানেজার সুজিত বিশ্বাস বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

