অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৪ ফেব্রুয়ারি: বিশ্ববাসী যখন ১৪ ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে’র আনন্দে মসগুল তখন প্রথার বাইরে গিয়ে গত তিন’বছর আগে জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় নিহত সৈন্যদের শ্রদ্ধা এবং ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবি জানিয়ে কালা দিবস পালন করল গোপীবল্লভপুরের রিভারফিল্ড ক্লাবের সদস্যরা। এদিন সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের এনসিসি ইউনিটের সহযোগিতায় রিভারফিল্ড ক্লাবের সদস্যরা পুলওয়ামা হামলায় নিহত শহিদ সেনাদের ছবি সম্বলিত ফ্লেক্স সামনে রেখে গোপীবল্লভপুর বাজারের বুকে একটি সুসজ্জিত মৌন মিছিল করেন। মিছিল গোপীবল্লভপুর নেতাজি স্মৃতি সংঘের শহিদ বেদীর সামনে থেকে শুরু হয়ে পুরো বাজার পরিক্রমা করে। মৌন মিছিলে হাঁটা সবার হৃদয়ে ছিল ২০১৯ সালের ১৪ ই ফেব্রুয়ারি পুলওয়ামায় নিহত সৈন্যদের প্রতি বুকভরা শ্রদ্ধা এবং ঘটনায় দোষীদের প্রতি চুড়ান্ত ঘৃণা।

উল্লেখ্য, আজ থেকে ঠিক তিন বছর আগে ২০১৯ সালের ১৪ ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে’র দিনে জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার লেথোপোড়ার কাছে জম্মু শ্রীনগর জাতীয় সড়কের উপর সেনাবাহী কনভয়তে আরডিএক্স বোঝাই আত্মঘাতী গাড়ি হামলা করে জঙ্গিরা। ঘটনার নিহত হন প্রায় ৪০ জন সিআরপিএফ সেনা কর্মী। ঘটনার দায় স্বীকার করে জঙ্গী গোষ্ঠী জইশ ই মহম্মদের সদস্যরা। তবে ভারত ঘটনার জন্য পাকিস্তানকে দায়ি করেছে। ঘটনার পর থেকে প্রতি বছর ভারতের অগনিত মানুষ দোষীদের শাস্তির দাবি তুলে আসছেন। সেই ধারাবাহিকতায় আজ আন্তর্জাতিক ভালোবাসার দিন হলেও দেশ রক্ষার কাজে নিয়োজিত শহিদ সেনাদের শ্রদ্ধা জানিয়ে কালা দিবস পালন করল গোপীবল্লভপুরের রিভারফিল্ড ক্লাবের সদস্যরা।


