আমাদের ভারত, ২৭ নভেম্বর: কলকাতা শহরে এসে পশ্চিমবঙ্গের রাস্তার উন্নয়নের জন্য বিপুল বরাদ্দের ঘোষণা করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। তার মধ্যে অন্যতম কলকাতা, অর্থাৎ কলকাতার চারদিক জুড়ে তৈরি হবে ২৫০ কিলোমিটারের রিং রোড। তবে কেন্দ্রীয় মন্ত্রীর ঘোষণার আগেই রিং রোড নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান দিচ্ছে নথি।
বুধবার কলকাতা সংলগ্ন এলাকায় রিং রোড তৈরির জন্য আন্তর্জাতিক টেন্ডার ডেকেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি। আগামী ১১ জানুয়ারি পর্যন্ত এই টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিতে পারবে সংস্থাগুলি। ১২ জানুয়ারি দরপত্র খোলা হবে।
আগের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই ধরণের নির্মাণের ক্ষেত্রে কোনো কেন্দ্রীয় সংস্থা অংশ নিতে পারবে না বলে সিদ্ধান্ত কার্যকর করেছিল। কিন্তু নতুন বিজেপি সরকার ক্ষমতায় এসে সম্প্রতি সেই বিধিনিষেধ তুলে দিয়েছে।
এই রিং রোড তৈরি হলে একদিকে সোনারপুর, বারুইপুর বা মহেশতলা হয়ে অন্যদিকে মধ্যমগ্রাম ও বারাসতের পাশাপাশি হুগলি ছুঁয়ে হাওড়ার আমতা, পাঁচলা, কলকাতাকে মাঝখানে রেখে তার চারপাশে চারটে জেলার বিস্তীর্ণ অংশকে জুড়ে দিতে পারবে।
প্রাথমিক স্তরে কথাবার্তা শুরু হয়েছে বলে মনে হলেও বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রীর সরকারি ভাবে ঘোষণার আগেই টেন্ডার প্রক্রিয়া শুরু করে দেওয়া থেকেই বোঝা যাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রক এই প্রকল্প নিয়ে অত্যন্ত উৎসাহী।
বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী গড়করি ঘোষণা করেন, কলকাতার জন্য তিনি প্রায় ১৪ হাজার কোটি টাকা মঞ্জুর করেছেন। তিনি বলেন, আজ আমি ঘোষণা করছি কলকাতার জন্য ১৪ হাজার কোটি টাকা খরচ করে ২৫০ কিলোমিটার রিং রোড তৈরির বিষয়টা আমি মঞ্জুর করেছি। তবে এই রিং রোড কেবলমাত্র শুরু, এটা শুধুমাত্র নিউজ রিল। আসল সিনেমাই এখনো বাকি। আর এই আনুষ্ঠানিক ঘোষণার আগের দিন থেকেই টেন্ডার প্রক্রিয়া শুরু করে দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এখন রাজ্যকে শুধু জমি জরিপ সহ অন্যান্য কাজ করা শুরু করতে হবে।

