আমাদের ভারত, ২৭ নভেম্বর: লোকসভায় আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিল কার্যকর করার পথে আরও এক ধাপ এগুলো কেন্দ্র সরকার। জানা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের প্রতিটি রাজ্যেই লোকসভার আসন সংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব গৃহীত হয়েছে। পাশাপাশি আসন পুনর্বিন্যাসের পর যে নতুন আসন সংখ্যা তৈরি হবে তা আগামী ২৫ বছর অর্থাৎ ২০৫১ সাল পর্যন্ত অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
বর্তমানে লোকসভায় আসন সংখ্যা ৫৪৩। নয়া বিল পাশ হলে আসন সংখ্যা বেড়ে হবে ৮১৫ বা ৮১৬। তবে সাংবিধানিক সর্বোচ্চ সীমা ৮৫০ পর্যন্ত বাড়ানোর বিষয়টিও আলোচনার মধ্যে রয়েছে বলে খবর।
এই সিদ্ধান্তের রাজনৈতিক তাৎপর্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। উল্লেখযোগ্য বিষয়, ডি এম কে প্রধান এম কে স্ট্যালিন শুক্রবার সকালে লোকসভার আসন পুনর্বিন্যাস নিয়ে একই দাবি তুলেছিলেন। তাঁর বক্তব্য ছিল, আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে প্রতিটি রাজ্যের স্বার্থ এবং প্রতিনিধিত্ব বজায় রাখতে হবে। এবার কেন্দ্রের প্রস্তাবিত সিদ্ধান্তে সেই দাবির প্রতিফলন দেখা যাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ফলে লোকসভায় ডিএমকে’র ২২ জন সংসদের সমর্থন আদায়ের পথ কিছুটা সহজ হতে পারে বলেও মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।
যদিও এই সমর্থন নিশ্চিত হয়েছে এমনটা এখনো বলা যাচ্ছে না। সূত্রের খবর, আগামী ৩০ নভেম্বর থেকে সংসদের বর্ধিত অধিবেশন শুরু হওয়ার কথা। লোকসভা ও রাজ্যসভায় যথাক্রমে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর অধিবেশন শুরু হয়ে ৩ ডিসেম্বর পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। ঐ অধিবেশনে ১৩১তম সংবিধান সংশোধনী বিল পাস করানোর চেষ্টা করতে পারে কেন্দ্র। লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি, আসন পুনর্বিন্যাস এবং তার মাধ্যমে মহিলা সংরক্ষণ কার্যকর করার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়াই অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে।
অনেকের মতে এই অধিবেশনকে ঘিরে মহিলা সংরক্ষণ ও লোকসভা আসন পুনর্বিন্যাস নিয়ে বড় সিদ্ধান্তের পথে হাঁটতে পারে মোদী সরকার। তবে শেষ পর্যন্ত সংসদের দুই কক্ষে বিলের পক্ষে কতটা সমর্থন মিলবে, বিলের কী কী বিষয় নির্দিষ্ট হবে সেদিকে নজর থাকবে সব সকলের।
আগে সিদ্ধান্ত হয়েছিল, ২০২৬ সালের পর প্রথম জনগণনার ভিত্তিতে লোকসভার আসন পুনর্বিন্যাসের সাংবিধানিক সময়সীমা নির্ধারিত হবে, কিন্তু এবার দ্রুত মহিলা সংরক্ষণ কার্যকর করার লক্ষ্যে ২০৫১ সাল পর্যন্ত আসন সংখ্যা অপরিবর্তিত রাখার প্রস্তাব সামনে এসেছে বলে সূত্রের খবর। এই সিদ্ধান্তের ফলে জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল দক্ষিণের রাজ্যগুলি আসন পুনর্বিন্যাসের কারণে রাজনৈতিক প্রতিনিধিত্ব হারানোর আশঙ্কা থেকে কিছুটা স্বস্তি পেতে পারে। অন্যদিকে মহিলা সংরক্ষণ কার্যকরের পথও প্রশস্ত হতে পারে। সব মিলিয়ে লোকসভার আসন বৃদ্ধি এবং মহিলা সংরক্ষণ, দুই গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে বড় রাজনৈতিক ও সাংবিধানিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র। এখন দেখার সংসদের আসন্ন অধিবেশনে এই দুই প্রস্তাব কতটা বাস্তবায়িত করতে সক্ষম হয় কেন্দ্রের এন ডি এ সরকার।

