সাথী দাস, পুরুলিয়া, ২৫ জানুয়ারি: জাতীয় ভোটার দিবস এবং গণতন্ত্র দিবসের সন্ধিক্ষণে বরাবাজার ব্লকের ২৯ টি শবর টোলায় অনুষ্ঠিত হল “শবরের অধিকার” কর্মসূচি। শবরদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অধিকার সম্পর্কে সচেতন করার জন্য এবং বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা দেওয়া হল এই কর্মসূচির মধ্য দিয়ে। কর্মসূচিতে অংশগ্রহণ করেন জেলাশাসক রাহুল মজুমদার, মানবাজারের মহকুমাশাসক, বরাবাজার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও অন্যান্য আধিকারিকরা।

এই উদ্যোগের মাধ্যমে জন্ম মৃত্যুর শংসাপত্র, জাতিগত শংসাপত্র, ১০০ দিনের কাজের জব কার্ড, জয় জোহার পেনশন, আধার কার্ডে নাম নথিভুক্তকরণ এবং নতুন ভোটারদের শংসাপত্র দেওয়া হল। এতদিন পিছিয়ে থাকা এই সাম্প্রদায়ভুক্তরা সরকারি প্রকল্প, সুযোগ সুবিধা ও পরিষেবা থেকে কার্যত বঞ্চিত ছিল। বার বার খবরের শিরোনামে অপুষ্টিতে মৃত্যু ও দুর্দশার কথা আসতেই টনক নড়ে প্রশাসনের। মূলত জেলাশাসকের বিশেষ উদ্যোগে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

জেলাশাসক জানান, “আজকের শিবিরে এখানেরই মেয়ে রমনিতা শবর, রত্নাবলী শবর এবং পড়াশোনা করে উঠে আসা ছেলেমেয়েরা অংশগ্রহণ করল। ওরা প্রশাসনের কাজটা আরও সহজ করে দিল। এটাই আমাদের বড় তৃপ্তি দিল।”

