হাতেগোনা মাত্র কয়েকটা দিন, এখনো অমিল সরস্বতী ঠাকুরের বায়না, কপালে চিন্তার ভাঁজ রতুয়ার মৃৎশিল্পীদের

আমাদের ভারত, মালদা, ২৫ জানুয়ারি: সরস্বতী পুজোর হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন বাকি, কিন্তু এখনো মেলেনি সরস্বতী ঠাকুরের বায়না। আর তাই কপালে চিন্তার ভাঁজ রতুয়ার মৃৎশিল্পীদের।

করোনা সংক্রমনের জেরে রাজ্যে আগেই বন্ধ হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে করোনার তৃতীয় ঢেউয়ের প্রকোপ বাড়িয়েছে দুশ্চিন্তা। আর এই পরিস্থিতিতে সামনেই সরস্বতী পূজা। প্রতিবছরের মতো এবছরও মৃৎশিল্পীরা চুরান্ত ব্যস্ত সরস্বতীর মূর্তি তৈরির কাজে। সোমবার এমনই ব্যস্ততার ছবি ধরা পড়ল মালদা জেলার রতুয়া ব্লকের কুমোর পাড়ায়। আগাম বায়নার আশায় রাস্তার দুই ধার ও বাড়িতে ভর্তি রয়েছে বাগদেবীর সারি সারি মূর্তি, কিন্তু আগের তুলনায় এবছর অর্ডার খুবই কম।

এই সময় দিন রাত এক করে মৃৎশিল্পীরা গড়ে তুলছেন প্রতিমা, কিন্তু বিগত বছর সে ভাবে প্রতিমা বিক্রি না হওয়ায় লাভের মুখ সে ভাবে দেখতে পাননি শিল্পীরা। আর এ বছরও বাজারে মূর্তি তৈরির সরঞ্জামের চড়া দাম যেন দুশ্চিন্তা তাদের পিছু ছাড়ছে না।

এই সময়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রতিমার অর্ডার নেই বললেই চলে, এক মৃৎশিল্পী জানিয়েছেন, আমরা এই কাজ ছেড়ে বাইরে কোনো কাজও করতে যেতে পারি না। এখন শুধু বংশ পরম্পরা টিকিয়ে রাখার জন্য আমাদের এই মাটির কাজের সাথে যুক্ত থাকতে হচ্ছে। সে ভাবে প্রতিমার দাম মিলছে না বাজারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *