ঝাড়গ্রামে দুয়ারে ধান্য ক্রয় কেন্দ্র

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৯ ডিসেম্বর: কিষান মান্ডিতে কিংবা সরকারি ধান্য ক্রয় কেন্দ্রে গিয়ে লাইন দিয়ে আর ধান বিক্রির ঝামেলা পোহাতে হবে না চাষিদের। রাজ্য সরকারের ‘কৃষকের সাথে সরকার’ কর্মসূচিতে ঝাড়গ্রামের ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা এবার গ্রামেই তাদের ধান বিক্রি করতে পারবেন।

মকর সংক্রান্তির আগে সংঘের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় গ্রামে গিয়ে ন্যায্য মূল্যে চাষিদের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। ঝাড়গ্রাম জেলায় এ বছর রেকর্ড পরিমাণ ধান কেনার লক্ষ্যমাত্রা নিয়েছে জেলা খাদ্য দপ্তর। সেজন্য মকর সংক্রান্তির আগে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের অভাবি ধান বিক্রি ঠেকাতে এবার সমবায় সমিতি, কিষাণ মান্ডি ও অন্যান্য সরকারি ধান্য ক্রয় কেন্দ্রের পাশাপাশি অধিক সংখ্যক সংঘের মাধ্যমে কয়েকদিন ধরে লালগড়ের গ্রামে গ্রামে সরকারি ন্যায্য মূল্যে এভাবে ধান কেনা চলছে।

গত সোমবার থেকে লালগড় ব্লকের নেতাই, রাঙ্গামাটিয়া, তাড়কি প্রভৃতি গ্রাম থেকে গড়ে প্রায় তিনশ কুইন্টাল করে ধান কেনা হয়েছে। এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা এই ব্যবস্থার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তাদের বক্তব্য, কিষাণ মান্ডি কিংবা অন্যান্য সরকারি ধান ক্রয় কেন্দ্রে দীর্ঘ লাইন দিয়ে ধান বিক্রি করার ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছিল। সরকারের ‘কৃষকের সাথে সরকার’ কর্মসূচিতে সেই সমস্যার সমাধান হওয়ায় সকলেই খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *