পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুলাই: আন্তর্জাতিক সাঁতারু আফরিন জাবির স্বপ্নের ক্যাটালিনা চ্যানেল জয় অভিযানে পাশে দাঁড়াল রেশমী গ্রুপ। এই অভিযানের জন্য সংস্থার পক্ষ থেকে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এক অনুষ্ঠানে আফরিনের হাতে আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেন রেশমী গ্রুপের কর্ণধার ভাস্কর চৌধুরী এবং জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণ।

অনুষ্ঠানে আফরিন এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেও তিনি স্পষ্ট জানান, ক্যাটালিনা চ্যানেল পাড়ি দেওয়ার জন্য মোট ব্যয় হবে প্রায় ২৮ লক্ষ টাকা। সেই তুলনায় বর্তমানে প্রাপ্ত অর্থ পর্যাপ্ত নয়। তাঁর কথায়, “স্পন্সরশিপ না পেলে কোথাও পাড়ি দেওয়া সম্ভব নয়। এই অভিযানের জন্য প্রায় ২৮ লক্ষ টাকা খরচ হবে। শুধুমাত্র ৫ লক্ষ টাকা দিয়ে আমার পক্ষে সম্ভব নয়।”

আফরিন আরও জানান, আন্তর্জাতিক মানের এই অভিযানে অংশ নিতে ভ্রমণ, প্রশিক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা, কোচিং, লজিস্টিকসসহ একাধিক খাতে বিপুল অর্থের প্রয়োজন। তাই স্বপ্নপূরণের লক্ষ্যে তিনি সরকারি ও বেসরকারি সংস্থা, কর্পোরেট প্রতিষ্ঠান এবং শুভানুধ্যায়ীদের কাছে আরও আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।
রেশমী গ্রুপের এই উদ্যোগকে ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানোর একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হলেও, আফরিনের মতে তাঁর লক্ষ্য পূরণে এখনও বড় অঙ্কের অর্থের প্রয়োজন রয়েছে। পর্যাপ্ত স্পনসরশিপ নিশ্চিত হলেই তিনি বিশ্বের অন্যতম কঠিন ওপেন- ওয়াটার সাঁতারের চ্যালেঞ্জ ক্যাটালিনা চ্যানেল জয়ের লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন।

