Pollution, Resmi Metallics, খড়গপুর রেশমি মেটালিকসের দূষণ নিয়ে বিতর্ক অব্যাহত, অভিযোগের জবাব সাফাই সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টরের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
৩০ জুলাই: খড়গপুরের রেশমি মেটালিকস কারখানা থেকে নির্গত ধোঁয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে আসছেন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, কারখানা থেকে নির্গত ধোঁয়ার জেরে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব পড়ছে। একাধিকবার প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে দাবি স্থানীয়দের। এমনকি বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও লিখিতভাবে জানানো হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারীরা।

এই পরিস্থিতিতে সংস্থার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিয়েছেন রেশমি মেটালিকসের এক্সিকিউটিভ ডিরেক্টর ভাস্কর চৌধুরী। তিনি বলেন, “জেলা স্বাস্থ্য দপ্তর বিষয়টি আমাদের নজরে এনেছে। জেলা স্বাস্থ্য আধিকারিক এবং আইআইটির অভিজ্ঞ কেমিক্যাল বিভাগের বিশেষজ্ঞরা কারখানা পরিদর্শন করেছেন। তাঁদের দেওয়া গাইডলাইন মেনেই আমরা প্রয়োজনীয় রেক্টিফিকেশন বা সংশোধনের কাজ করছি। আশা করছি, খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে।

সংস্থার দাবি, দূষণ সংক্রান্ত অভিযোগকে গুরুত্ব দিয়েই প্রয়োজনীয় প্রযুক্তিগত ও পরিবেশগত সংশোধনের কাজ চলছে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ধাপে ধাপে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যাতে ভবিষ্যতে এ ধরনের সমস্যার পুনরাবৃত্তি না ঘটে।

তবে সংস্থার এই আশ্বাসে আশ্বস্ত নন এলাকার বাসিন্দাদের একাংশ। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে একই ধরনের প্রতিশ্রুতি মিললেও বাস্তবে দূষণের সমস্যা কমেনি। এখনও কারখানা থেকে নির্গত ধোঁয়ার কারণে সাধারণ মানুষকে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ। তাই শুধুমাত্র আশ্বাস নয়, দ্রুত কার্যকর পদক্ষেপ এবং তার বাস্তব ফল দেখতে চান তাঁরা।

এদিকে, প্রশাসনের পক্ষ থেকে বিষয়টির ওপর নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে অভিযোগের স্থায়ী সমাধান কবে হবে, সেই দিকেই এখন তাকিয়ে রয়েছেন এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *