পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ জুলাই: প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আজ হরিপুর বিদ্যাসাগর স্মরণ সমিতির উদ্যোগে হলো রক্তদান শিবির এবং কৃতি ছাত্র- ছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান।
২৯ জুলাই নবজাগরণের পথিকৃৎ আধুনিক শিক্ষার জনক মহান মানবতাবাদী বিদ্যাসাগরের ১৩৬ তম প্রয়াণ দিবস। তাই মানবতা এই মহাপুরুষের সামাজিক দায়িত্ব পালনের
আবেদনকে পাথেয় করে এই কর্মসূচি পালিত হয়। ৩১ জন রক্তদাতা রক্ত দান করেন। এলাকার ছটি স্কুলের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।

রক্তদাতা বিপুল মাইতিকে ফুলের তোড়া দিয়ে রক্ত দানের উদ্বোধন করেন খড়্গপুর আইআইটির সিভিল ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ডঃ দামোদর মাইতি।
সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির স্থায়ী সভাপতি প্রবীণ সমাজসেবী বিষ্ণুপদ পণ্ডা। প্রধান অতিথি ‘গেল’ এর প্রাক্তন ম্যানেজার আনন্দময় প্রধান, ডঃ দামোদর মাইতি ছাত্র- ছাত্রীদের যথার্থ শিক্ষার্জনে ও সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানান। সঙ্গীত শিল্পী সজল ঘোষ, সঙ্গীত শিক্ষিকা অধ্যাপিকা মমতা মাইতি বিদ্যাসাগরের উপর সঙ্গীত পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পুরবী রঞ্জন জানা।
সম্পাদক সত্যব্রত গিরি ধন্যবাদ জ্ঞাপন করেন।


