Jaish militant, Suvendu, BJP, মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যের আরেক মন্ত্রী সহ একাধিক ভিআইপি ছিল জৈশ জঙ্গিদের নিশানায়

আমাদের ভারত, ৩১ জুলাই: বর্ধমান থেকে জৈশ- ই মহম্মদ জঙ্গি সন্দেহে হামিদ মন্ডলকে গ্রেপ্তারের ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করলেন কেবল তিনিই নয়, জঙ্গিদের নিশানায় আছে আরো অনেকেই। যার মধ্যে রয়েছেন রাজ্যের মন্ত্রী উমেশ রাইও।

বৃহস্পতিবার বর্ধমানের রেনেসাঁ আবাসন থেকে গ্রেফতার করা হয় হামিদ মন্ডল নামে এক জৈশ জঙ্গিকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফর সূচির খুঁটিনাটির বিবরণ ছিল তার কাছে। অভিযোগ, মুখ্যমন্ত্রীকে হামলার ষড়যন্ত্র করেছিল ধৃত হামিদ। এর পিছনে জৈশ জঙ্গিরা যুক্ত রয়েছে বলে মনে করা হচ্ছে। শুভেন্দু অধিকারীর পাশাপাশি আরও বেশ কয়েকজন ভিআইপির জৈশ- এর স্ক্যানারে ছিল বলে জানাগেছে।

শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীও সেই দিকেই ইঙ্গিত করেছেন। তিনি বলেন, শুধু আমি নই, আমাদের মন্ত্রী উমেশ রাইও এই স্ক্যানারে ছিলেন। আগামীকাল সাংবাদিক বৈঠক করে এসটিএফ সব তথ্য জানবে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, এটি ভীষণ স্পর্শকাতর বিষয়। তাই আমি বেশি কিছু বলবো না। এর সঙ্গে আন্তর্জাতিক চক্র জড়িয়ে রয়েছে। জাতীয় নিরাপত্তার বিষয়ে রয়েছে। এখনো অনেক কিছু জানা ও বোঝা বাকি আছে এসটিএফের।

হামিদ- এর কাছ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফর সূচির বিবরণ পাওয়া গেছে। শুভেন্দু অধিকারী কোথায় যাবেন, তাঁর গাড়ি কোথায় পার্ক করা হবে, তিনি কখন গাড়িতে উঠবেন, পরবর্তী কর্মসূচি কী আছে, বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাবেন, এই সমস্ত তথ্য ধৃতের কাছে ছিল। মুখ্যমন্ত্রীর উপর হামলা চালাতেই তার সফর সূচির খুঁটিনাটি বিবরণ যোগাড় করেছিল সে, বলে মনে করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী ছাড়াও একাধিক ভিআইপি ব্যক্তির সফরসূচির বিবরণী তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, শুধু তিনি নন, মন্ত্রী-উমেশ রাইও জঙ্গিদের নিশানায় ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *