আমাদের ভারত, বীরভূম, ১০ নভেম্বর: দেউচা পাচামি কয়লা খনি নিয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় একগুচ্ছ প্যাকেজ ঘোষণা করেন। এই প্যাকেজের মধ্যে যেমন রয়েছে আর্থিক ক্ষতিপূরণ ঠিক তেমনি রয়েছে চাকরির প্রতিশ্রুতি। প্যাকেজ ঘোষণার পর কি মনে করছেন বা ভাবছেন এই দেউচা পাচামি অঞ্চলের বাসিন্দারা?
দেউচা পাচামি অঞ্চলের বাসিন্দারা কয়লা খনির বিরোধিতা করছেন না, তবে তারা প্যাকেজ নিয়ে অন্ধকারে রয়েছেন বলেই জানিয়েছেন। তাদের দাবি সরকারিভাবে গ্রামে এসে প্রশাসনিক কর্তারা গ্রামের বাসিন্দাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিক। পাশাপাশি যে চাকরির কথা ঘোষণা করা হয়েছে সেই চাকরি সরকারি চাকরি, না বেসরকারি, সেগুলি নিয়ে আলোচনা করা হোক।
আদিবাসী গাঁওতা সম্পাদক রবিন সরেন জানিয়েছেন, আমরা শিল্পের বিরোধিতা করছি না, তবে আমাদের আদিবাসী সম্প্রদায়ের স্বার্থ দেখতে হবে। প্রশাসনিকভাবে প্রশাসনিক কর্তারা এখানে এসে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তবে আমাদের কাছে আগে সব প্যাকেজ পরিষ্কার করা হোক তারপরেই আমরা সিদ্ধান্তে আসবো।
অন্যদিকে তিনি এটাও জানিয়েছেন, অনেক সরকারি জায়গা এবং পতিত জমি রয়েছে সেগুলিতে এই কয়লা শিল্প শুরু করা হোক প্রথম দফায়। প্রথমেই গ্রামের বাসিন্দাদের উচ্ছেদের পক্ষে আমরা নই।

