জয় লাহা, দুর্গাপুর, ৬ অক্টোবর: অবশেষে বুদবুদের অ্যামুনিশেন রোডের সংস্কারের কাজ শুরু হল। দুর্গা পুজোর আগে নিম্নচাপের ভ্রুকুটি কাটতেই জোরকদমে চলছে সংস্কারের কাজ। আর বেহাল রাস্তা সংস্কার শুরু হতেই খুশি এলাকাবাসী থেকে স্থানীয় ব্যাবসায়ীরা।
উল্লেখ্য, বুদবুদ বাজারের ঐতহ্যবাহী সড়ক বেহুলা লক্ষীন্দর রোড। বর্তমানে সড়কটি পানাগড় সেনাছাউনী দিকে অ্যামুনিশন রোড নাম হয়েছে। রাস্তাটির ওপর নির্ভরশীল হাজার পাঁচেক বাসিন্দা। এছাড়াও নির্ভরশীল ছোটো বড় সব মিলিয়ে প্রায় দেড়’শ ব্যবসায়ী। রাস্তার দু-পাশে সপ্তাহে দু’দিন সব্জি বাজার বসে। স্বাভাবিকভাবে রাস্তাটি যথেষ্ট গুরুত্বপুর্ন। বছর তিনেক ধরে রাস্তাটি বেহাল হয়ে পড়েছিল। খানাখন্দে ভর্তি হয়ে পড়েছিল। ফলে চরম দুর্ভোগে পড়তে হত সাধারন মানুষ থেকে ব্যাবসায়ীদের।
সম্প্রতি বুদবুদ গ্রাম পঞ্চায়েত রাস্তাটি সংস্কারে উদ্যোগী হয়। এমজিএনআরইজিএস প্রকল্পে রাস্তাটির ১ কিলোমিটার পিচ করার জন্য প্রায় ১০ লক্ষ টাকা অনুমোদন হয়। নিম্নচাপের চোখ রাঙানিকে উপেক্ষা করে দুর্গাপুজোর আগে রাস্তাটি মেরামতের কাজ শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে দিন রাত চলছে কাজ। বুদবুদ গ্রাম পঞ্চয়েতের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুন্ডু জানান, “রাস্তাটি বেহাল হয়ে পড়েছিল। কাজ চলছে জোরকদমে। প্রতিমা দর্শনার্থীর পাশাপাশি সাধারন মানুষের স্বার্থে পুজোর আগে রাস্তাটি সংস্কারের কাজ শেষ করা হবে।” রাস্তাটি সংস্কারে খুশী এলাকাবাসী থেকে স্থানীয় ব্যাবসায়ীরা। বুদবুদ বাজার চেম্বার অব কমার্সের সভাপতি রতন সাহা জানান, “রাস্তাটি সংস্কার হওয়ায় আমরা খুশী। রাস্তাটি সংস্কারে সাধারন মানুষ ও ব্যবসায়ীরা উপকৃত হবে।”

