পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ জুন: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের সেন্ট্রাল বাসস্ট্যান্ডে থাকা রাজ্য সরকারের বিতর্কিত ‘বিশ্ববাংলা’ লোগোটি অবশেষে অপসারণ করল স্থানীয় বিজেপি নেতৃত্ব। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মনে জমে থাকা ক্ষোভকে মান্যতা দিয়ে বিজেপির এই বলিষ্ঠ ও জনমুখী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ। লোগোটি অপসারিত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বিজেপি নেতৃত্বের স্পষ্ট দাবি, সরকারি অর্থ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রচার বা প্রতীকের আদলে তৈরি লোগো বসানোর কাজে অপচয় করা উচিত নয়। এটি কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং সরকারি সম্পত্তিকে দলীয় সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে রেখে তার পবিত্রতা রক্ষা করার একটি সৎ ও আদর্শগত প্রচেষ্টা।
বিজেপি কর্মীরা জানিয়েছেন, লোগোটি সরিয়ে সেখানে দেশের কোনো বরেণ্য মহাপুরুষের মূর্তি বা সর্বজনীন কোনো প্রতীক বসানো হবে, যা দলমত নির্বিশেষে সকলের কাছে গ্রহণযোগ্য ও অনুপ্রেরণাদায়ক হবে। বিজেপির এই গঠনমূলক চিন্তাভাবনা সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে।
বিজেপির এই সময়োপযোগী ও সাহসী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্থানীয় সাধারণ মানুষ এবং ব্যবসায়ী মহলে ব্যাপক খুশির আমেজ দেখা গেছে। তাঁদের মতে, বিজেপি নেতৃত্ব জনগণের প্রকৃত দাবিকে মর্যাদা দিয়ে বাসস্ট্যান্ডটিকে রাজনৈতিক কলঙ্কমুক্ত করেছে। দীর্ঘদিন ধরে চলা এই অন্যায়ের বিরুদ্ধে বিজেপি যেভাবে সরব হয়ে সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এলাকায় শান্তি- শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি বিজেপি কর্মীরাও সদা সতর্ক রয়েছেন।

