Bicycle rally, Vidyasagar University, ফিট ইন্ডিয়া ও সবুজ- সুস্থ জীবনযাপনের বার্তা নিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সাইকেল র‍্যালি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ জুন: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উন্নত ভারত অভিযান (UBA) সেল এবং জাতীয় সেবা প্রকল্প (NSS)- এর যৌথ উদ্যোগে আজ “সানডে অন সাইকেল” কর্মসূচির আওতায় একটি বর্ণাঢ্য সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সুস্থ জীবনযাপন, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে তোলার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।

র‍্যালির শুভ সূচনা করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় রেজিস্ট্রার ড: জয়ন্ত কিশোর নন্দী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক দেবদুলাল ব্যানার্জি, প্রোগ্রাম কো- অর্ডিনেটর, এনএসএস বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, ড: নীলাঞ্জনা দাস চ্যাটার্জি, ড: রামকৃষ্ণ মাইতি সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অধ্যাপক ও কর্মচারীরা।

প্রায় ১০০ জন এনএসএস স্বেচ্ছাসেবক, ছাত্র- ছাত্রী, শিক্ষক, অশিক্ষক কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সদস্য নিজেদের সাইকেল নিয়ে এই র‍্যালিতে অংশগ্রহণ করেন। র‍্যালিটি বিশ্ববিদ্যালয় চত্বর ও সংলগ্ন এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে সাধারণ মানুষের মধ্যে ফিট ইন্ডিয়া আন্দোলন, নিয়মিত শরীরচর্চা, পরিবেশ সংরক্ষণ এবং সবুজ-স্বাস্থ্যকর জীবনধারার বার্তা পৌঁছে দেয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাইকেল চালানো শুধুমাত্র একটি স্বাস্থ্যকর অভ্যাস নয়, এটি পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থারও অন্যতম মাধ্যম। নিয়মিত সাইকেল চালানোর মাধ্যমে যেমন ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষিত হয়, তেমনি দূষণ কমিয়ে পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যায়।

এই উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করেন যে, “সানডে অন সাইকেল” কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছাত্র- ছাত্রী, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব জীবনধারার প্রসারে ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করা হবে।

অনুষ্ঠানের শেষে সকল অংশগ্রহণকারী একটি সবুজ, সুস্থ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে সাইকেল ব্যবহারের প্রসার এবং স্বাস্থ্যকর জীবনযাপনের অঙ্গীকার গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *