পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ জুন: দক্ষতাভিত্তিক শিক্ষা ও কর্মমুখী শিক্ষার প্রসারে রবিবার মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হলো Seacom Skills University-র EDU Vision Summit 2026। শহরের White House-এ আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক- শিক্ষিকা, শিক্ষক- শিক্ষাকর্মী এবং শিক্ষা জগতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সূচনা হয় ঐতিহ্যবাহী প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সমন্বিত ভাবনাকে সামনে রেখে আয়োজিত এই সামিটে শিক্ষাক্ষেত্রে বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সুমিতা চক্রবর্তী, সিইও অর্পণ চক্রবর্তী, ASFHM-এর স্টেট জেনারেল সেক্রেটারি চন্দন কুমার মাইতি, স্টেট প্রেসিডেন্ট হরিদাস ঘটক -সহ সংস্থার অন্যান্য বিশিষ্ট প্রতিনিধিরা।

সামিটে বক্তারা বলেন, বর্তমান সময়ে শুধুমাত্র প্রথাগত শিক্ষাই নয়, তার পাশাপাশি দক্ষতাভিত্তিক ও হাতে কলমে শিক্ষার গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যে সকল শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের ভবিষ্যৎকে আরও সুদৃঢ় করতে চায়, তাদের জন্য Seacom Skills University গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, ঘাটাল, খড়্গপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ার মতো বিভিন্ন পিছিয়ে পড়া ও প্রত্যন্ত এলাকার ছাত্র- ছাত্রীরাও এখানে উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ পেয়ে নিজেদের মানোন্নয়ন ঘটাতে সক্ষম হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আধিকারিক শিক্ষার আধুনিক ধারা, দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা, কর্মসংস্থানের সুযোগ এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি EDU Vision Summit 2026- এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে তারা জানান, শিক্ষা ব্যবস্থাকে আরও বাস্তবমুখী ও শিল্পক্ষেত্রের চাহিদা অনুযায়ী গড়ে তোলাই এই উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য।
শিক্ষক-শিক্ষিকাদের সক্রিয় অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নকে কেন্দ্র করে আয়োজিত এই সামিট শিক্ষা মহলে ইতিবাচক সাড়া ফেলেছে বলে মনে করছেন উপস্থিত বিশিষ্টজনেরা। দক্ষতা ও শিক্ষার সমন্বয়ের মাধ্যমে আগামী প্রজন্মকে আরও আত্মনির্ভর ও কর্মদক্ষ করে তোলার বার্তাই এদিনের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য হয়ে ওঠে।

