TMC, Bankura, তোলাবাজির অভিযোগ, গ্রেপ্তার বাঁকুড়ার জেলা পরিষদের সভাধিপতি ও তৃণমূলের জেলা সভাপতির পুত্র

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৫ জুন: তোলাবাজি, প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল পরিচালিত বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায় ও তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তারাশঙ্কর রায়ের পুত্র অনিন্দ্য রায়। রবিবার রাতে কলকাতা থেকে অনিন্দ্যবাবুকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানাগেছে। আজ তাকে খাতড়া মহকুমা আদালতে তোলা হয়। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

মাসের পর মাস ঠিকাদারদের ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তোলা আদায়ের অভিযোগ তার বিরুদ্ধে। এনিয়ে তালড্যাংরা থানায় অভিযোগ দায়ের হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। রবিবার রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে কলকাতা থেকে অনিন্দ্য রায়কে গ্রেফতার করে সোমবার খাতড়া মহকুমা আদালতে হাজির করানো হলে আদালত তাকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। তালড্যাংরার শ্যামসুন্দরপুর গ্রামের বাসিন্দা তথা সরকারি ঠিকাদার শান্তনু মণ্ডল থানায় লিখিত ভাবে অনিন্দ্যের বিরুদ্ধে তোলাবাজি, ভয় দেখানো এবং প্রাণনাশের হুমকির অভিযোগ দায়ের করেন। তিনি দাবি করেন যে, বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের জন্য ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তোলা বাবদ ৩৯ লক্ষ টাকা দিতে বাধ্য হয়েছেন। পরে আরও তোলা হিসাবে টাকা দাবি করেছিলেন অনিন্দ্য। তিনি আর অর্থ দিতে অস্বীকার করলে তার পর ক্রমাগত হুমকির মুখে পড়েছেন।

অভিযোগকারীর দাবি, বাবা- মায়ের রাজনৈতিক পরিচয় এবং পদকে কাজে লাগিয়ে বাঁকুড়া জেলার বিভিন্ন সরকারি ঠিকাদারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলা আদায় করেছেন অনিন্দ্য। ধৃতের আইনজীবী চঞ্চল রায় বলেন যে, অভিযুক্তর মা বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি এবং বাবা তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি। স্বাভাবিক ভাবেই রাজনৈতিক কারণে এই অভিযোগ করা হয়েছে বলে আদালতকে জানিয়েছি। অভিযোগকারী ঠিকাদার তার অভিযোগপত্রে লিখেছেন, এত দিন তিনি ভয়ের কারণে অভিযোগ জানাতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *