Suvendu, BJP, গুন্ডাগিরি ও তোলাবাজির ঘটনায় সরাসরি হোয়াটসঅ্যাপ করুন মুখ্যমন্ত্রীকে, আইনশৃঙ্খলা প্রশ্নে কড়া বার্তা শুভেন্দুর

আমাদের ভারত, ১৪ জুন: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে আবার নিজের কড়া অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষের উদ্দেশ্যে সরাসরি বার্তা দিয়ে তিনি বলেন, কোথাও গুন্ডাগিরি, তোলাবাজি বা ক্ষমতার অপব্যবহারের ঘটনা ঘটলে তা যেন সরাসরি তাঁকে জানানো হয়। এমনকি হোয়াটসঅ্যাপ- এর মাধ্যমে অভিযোগ পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি।

দক্ষিণ কলকাতার একটি অনুষ্ঠানে সম্বর্ধিত হন মুখ্যমন্ত্রী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি আইনশৃঙ্খলা ও প্রশাসনিক সংস্কারের মতো বিষয়ে পূর্বতন সরকারের সমালোচনা করেন। ভাষণের শুরুতে শুভেন্দু অধিকারী বলেন, বাংলার মানুষ তাঁকে যে দায়িত্ব দিয়েছেন তা যথাযথভাবে পালন করাই এখন তাঁর প্রধান লক্ষ্য। রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করা, নতুন বিনিয়োগ আনা এবং শিল্প বান্ধব পরিস্থিতি তৈরি করাকে তিনি সরকারের অগ্রাধিকারের তালিকায় রেখেছেন বলে জানান। মুখ্যমন্ত্রীর বক্তব্য, সরকার পরিবর্তন শুধুমাত্র রাজনৈতিক পতাকা বদলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি গোটা ব্যবস্থার পরিবর্তন। তাঁর দাবি, নতুন সরকার স্বচ্ছ জমি নীতি, উন্নত প্রশাসনিক কাঠামো এবং কঠোর আইন- শৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠান থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ যদি কোনো জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা বা দলের নাম ব্যবহার করে বেআইনি সুবিধা নেওয়া চেষ্টা করেন। তাহলে সে তথ্য প্রশাসনকে জানাতে হবে। তাঁর কথায়, অভিযোগকারীর নাম ও মোবাইল নম্বর সহ একটি বার্তা পাঠালেই ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বের তৃণমূল সরকারের সমালোচনা করে তাঁর দাবি, দীর্ঘদিন ধরে দুর্নীতি, তোলাবাজি, কাটমানি এবং সিন্ডিকেট রাজ উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। বাংলার মানুষ সেই পরিস্থিতির অবসান ঘটিয়েছে।

আইনশৃঙ্খলা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজ্যে এখন পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করেছে, পুলিশের আচরণে বদল এসেছে, অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হচ্ছে, যারা একসময় প্রভাব খাটিয়ে চলতেন তাদের অনেকেই এখন সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইতে বাধ্য হচ্ছে, অবৈধ বসবাসকারী ব্যক্তিদের সনাক্ত করার কাজ চলছে। ইতিমধ্যে কয়েক হাজার মানুষকে রাজ্য ছাড়তে বাধ্য করা হয়েছে বলেও অনুপ্রবেশ ইস্যুতে সরব হন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে একাধিক হোল্ডিং সেন্টার চালু করার কথা বলেছেন তিনি।

কলকাতা ও বিধান নগর প্রশাসন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। শহরের কিছু এলাকায় পরিকল্পনাহীন নির্মাণ এবং প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে তাঁর ইঙ্গিত, আগামী দিনে এই বিষয়ে আরো কঠোর পদক্ষেপ করা হতে পারে।

রাজ্যে উন্নয়ন, শিল্পায়ন এবং আইন- শৃঙ্খলা এই তিন ক্ষেত্রকে সামনে রেখে নতুন সরকার একগুচ্ছ পদক্ষেপ করছে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্যে স্পষ্ট, প্রশাসনিক সংস্কার ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থানকে আগামী দিনেও রাজনৈতিক ও প্রশাসনিক অগ্রাধিকারের কেন্দ্রীয় বিন্দুতে রাখতে চাইছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *