Cow trafficking, Hingalganj, হিঙ্গলগঞ্জ সীমান্তে অবৈধ পাচার রুখে সরব রেখা পাত্র, দুটি গাড়ি সহ ১৪টি গরু উদ্ধার

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৬ মে: বেআইনি গরু বিক্রি রুখলেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। শুক্রবার হিঙ্গলগঞ্জের দুলদুলি ফেরিঘাট দিয়ে অবৈধভাবে গরু নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার খবর পাওয়া মাত্রই ওই এলাকায় পৌঁছান তিনি। সঙ্গে সঙ্গে ওই অবৈধ গরুগুলি গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়।

উত্তর ২৪ পরগনার সীমান্ত এলাকায় গরু পাচার রুখতে সক্রিয় হলেন বিজেপি বিধায়ক রেখা পাত্র। অভিযোগ, এদিন পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল একাধিক গরু। খবর পেয়ে এলাকায় পৌঁছে যান বিধায়ক রেখা পাত্র ও তাঁর অনুগামীরা। এরপর দুটি সন্দেহভাজন গাড়ি আটক করে তল্লাশি চালানো হলে উদ্ধার হয় মোট ১৪টি গরু।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সীমান্ত লাগোয়া এলাকা দিয়ে দীর্ঘদিন ধরেই অবৈধ গরু পাচারের অভিযোগ উঠছে। এদিন গরু বোঝাই দুটি গাড়ি আটকানোর সময় পাচারকারীদের পক্ষ থেকে হুমকির মুখেও পড়তে হয় বিজেপি বিধায়ককে। যদিও সেই পরিস্থিতিতেও পিছিয়ে যাননি তিনি।

রেখা পাত্র বলেন, “সীমান্ত এলাকা দিয়ে কোনভাবেই গরু পাচার হতে দেবো না। প্রশাসনকে বারবার জানিয়েও কাজ না হওয়ায় আমরা নিজেরাই নজরদারি চালাচ্ছি। সাধারণ মানুষের নিরাপত্তা ও আইন রক্ষার স্বার্থে এই লড়াই চলবে।”

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উদ্ধার হওয়া গরুগুলিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিজেপির অভিযোগ, সীমান্ত এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে পাচারের সঙ্গে জড়িত। এতো দিন ধরে পুলিশের একাংশের মদতেই এই কাজ চলছে। আজ থেকে তা আর হতে দেবো না।

ইতি মধ্যে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফে পশুবলি এবং ধর্মীয় কারণে পশুহত্যা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে গরু, মহিষ, বলদ বা বাছুরের মতো গবাদি পশু বলির ক্ষেত্রে একগুচ্ছ শর্ত আরোপ করা হয়। তারপরেও এই গরু পাচারের ঘটনায় ক্ষুব্ধ রেখা পাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *