সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৬ মে: উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষদের কোনও সরকারি পরিষেবা থেকে বঞ্চিত করা হবে না বলে আশ্বাস দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়ার। শনিবার বনগাঁয় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, যাঁদের নাম এস আই আর প্রক্রিয়ায় বাদ গিয়েছে, তাঁদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। দ্রুত সিএএ-তে আবেদন করলে সমস্ত সরকারি পরিষেবা আগের মতোই চালু থাকবে।
এদিন খাদ্যমন্ত্রী বলেন, “যারা উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন, তাঁদের কোনও সরকারি পরিষেবা থেকে বঞ্চিত করবে না। দ্রুত সিএএ-তে আবেদন করুন। আবেদন করলে রেশন-সহ সমস্ত সরকারি সুবিধা অক্ষুণ্ণ থাকবে।” তিনি আরও জানান, যাঁরা এখনও বৈদেশিক নাগরিক হয়েও বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন, তাঁদের রেশন কার্ড বাতিল করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এস আই আর প্রক্রিয়ার মাধ্যমে বনগাঁ মহকুমা-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় বহু মতুয়া উদ্বাস্তু পরিবারের নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। এর জেরে বহু মানুষের মধ্যে সরকারি পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে অনেকেই সিএএ-তে আবেদন করেছেন। আবার অনেকে এখনও আবেদন করেননি। এই পরিস্থিতিতে অশোক কীর্তনীয়া নাম বাদ যাওয়া উদ্বাস্তু মতুয়াদের দ্রুত সিএএ-র জন্য আবেদন করার আহ্বান জানান। একইসঙ্গে তিনি দাবি করেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন মতুয়া উদ্বাস্তুদের ভুল বোঝানো হয়েছিল। আমি তাঁদের বলছি, আপনারাও দ্রুত আবেদন করুন।”
এদিনের সাংবাদিক সম্মেলনের পর মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

