আমাদের ভারত: তৃণমূল কংগ্রেস দুর্নীতির সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা মডেল। পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়ার বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধারের ঘটনায় চুড়ান্ত কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। একই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়কে হিন্দি সিনেমার ভিলেনের সাথেও তুলনা করেছেন সুকান্ত মজুমদার।
এসএসসির দুর্নীতি মামলায় একযোগে রাজ্যের চৌদ্দটি জায়গায় অভিযান চালিয়েছে ইডি। তারই মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি, পিংলায় তার এক আত্মীয়ার বাড়ি, নিউ ব্যারাকপুরে পার্থ চট্টোপাধ্যায়ের আপ্তসহায়কের বাড়িতে অভিযান চালায় ইডি। পার্থ চট্টোপাধ্যায়ের এক আত্মীয় অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার করেছে। আর এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইটারে চুড়ান্ত কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের “বাংলা মডেল। যেখানে নিয়োগ কেলেঙ্কারির চুরির টাকা বেরিয়ে আসছে।” তার কথায়, “তৃণমূল কংগ্রেস দুর্নীতির সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে।”

নয় ঘণ্টারও বেশি সময় ধরে জারি পার্থ চট্টোপাধ্যায়ের জিজ্ঞাসাবাদ। তার মধ্যে পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েন বলে খবর। তার নাকতলার বাড়িতে তিন জন চিকিৎসক যান বলেও জানা গেছে। আর তা নিয়েই রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রীকে হিন্দি সিনেমার ভিলেনের তকমা দিয়েছেন সুকান্ত মজুমদার। রাজ্যের বিজেপি সভাপতি খোঁচা দিয়ে বলেছেন, “হিন্দি সিনেমা বা অন্যান্য সিনেমায় আমরা দেখতাম ভিলেনের বাড়ি ইডি সিবিআই যখন যায়, পুলিশ যায় তখন তারা অসুস্থ হয়ে যায়।” জনপ্রিয় হিন্দি চলচ্চিত্র “নায়ক” এর প্রসঙ্গ টেনে সুকান্ত মজুমদার বলেন, “একজন সাংবাদিকের মুখ্যমন্ত্রী হওয়ার প্রেক্ষাপটে তৈরি সিনেমাতেও আমরা তেমন দৃশ্য দেখেছি। যেটা দেখেছি সেটা বাস্তব না সিনেমা সেটা আগামী দিনে বোঝা যাবে।”
This is @MamataOfficial's Bengal model where cash stolen through illegal means in recruitment scams is coming out now.
ED has seized Rs 20 crore from premises of Arpita Mukherjee, close aide of WB Minister Partha Chatterjee.
Truly, TMC is breaking all records of corruptions. pic.twitter.com/OoXkZVyPMY
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) July 22, 2022
অভিযোগের সুরে সুকান্ত মজুমদার বলেন, “এই সরকারের উপর থেকে নিচ কেউ বাকি নেই যার গায় চোরের তকমা লাগেনি। নিজেদের নামে না রেখে আত্মীয়-স্বজনের নামে যাবতীয় অর্থ গচ্ছিত করে রাখেন এই সব নেতারা।”

