পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়ার বাড়ি থেকে উদ্ধার ২০ কোটি টাকা

আমাদের ভারত, ২২ জুলাই: সারাদিন ধরে ইডির ম্যারাথন তল্লাশি চলেছে। কিন্তু বিকেল গড়াতেই ইডির হাতে উদ্ধার হল কুড়ি কোটি টাকা। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ টাকা। কুড়ি কোটি টাকা ছাড়াও উদ্ধার হয়েছে কুড়িটি মোবাইল ফোন।

ইডি দাবি করেছে, শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে এই টাকার যোগ রয়েছে। ব্যাঙ্ক অফিসারদের সাহায্য নিয়ে এই টাকা গোনা হচ্ছে। কোথা থেকে এই টাকা এল? কুড়িটি মোবাইল কোন কাজে ব্যবহার হতো তা জানার চেষ্টা করছে ইডি।

রাত আটটা নাগাদ ইডি নিজের টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করে জানিয়েছে, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু করে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। সঙ্গে স্তূপাকার নগদ টাকার ছবিও পোস্ট করেছে ইডি।

আজ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় একই সাথে রাজ্যের ১৪টি জায়গায় অভিযান চালায় ইডি। পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী, মানিক ভট্টাচার্য তৃণমূলের তিন মন্ত্রী বিধায়কের বাড়িতে একসাথে তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দারা। প্রথমে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার এক আত্মীয় ও পার্থ চট্টোপাধ্যায় পার্সোনাল সেক্রেটারি বাড়িতে যায় ইডি।

অন্যদিকে কোচবিহারের মেখলিগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও যায় ইডির অফিসাররা। সেখানে তার স্ত্রী ও তার মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয়। অন্যদিকে এসএসসি’র প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, টেট দুর্নীতি মামলায় অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের যাদবপুরের বাড়ি এবং পর্ষদ সচিব রত্না চক্রবর্তী বাগচীর বাড়িতে যায় ইডি অফিসাররা।

নয় ঘণ্টারও বেশি সময় পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ চালিয়েছে ইডি। তার মধ্যেই এই বিপুল টাকা উদ্ধার হয়। এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ চলাকালীন তিনি অসুস্থ হয়ে যান বলে খবর। সেই সময় নাকতলায় তার বাড়িতে তিন চিকিৎসকও যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *