পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২২ জুলাই: হিলির ত্রিমোহিনীতে শিক্ষিকাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি। শুক্রবার সন্ধ্যায় একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সুকান্ত মজুমদার।
শুধু তাই নয় এই ঘটনাকে সাম্প্রদায়িক উস্কানি বলেও ব্যাখ্যা করেছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, ত্রিমোহিনীর প্রতাপ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের যে ঘটনা তা অত্যন্ত চিন্তার বিষয়। একটি বিশেষ সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে আগামীতে কোনো শিক্ষক- শিক্ষিকারা আর এগোবেন কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এধরনের সাম্প্রদায়িকতাকে বার বার পুলিশ প্রশাসন এবং তৃণমূল মদত জোগাচ্ছে। এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। এধরণের ন্যাক্কার জনক ঘটনার তীব্র প্রতিবাদ জানান তিনি। যারা এর পিছনে যুক্ত রয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক, এমনটাও এদিন দাবি জানিয়েছেন তিনি।
আরও পড়ুন
ছাত্রীর কান টানায় বিপত্তি, হিলির ত্রিমোহিনীতে স্কুলে ঢুকে শিক্ষিকাকে বিবস্ত্র করে মারধর অভিভাবকদের
বিদ্যালয় সুত্রের খবর, ত্রিমোহিনীর প্রতাপ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই স্কুল ছাত্রীর নাম জার্নাতুন খাতুন। বৃহস্পতিবার ক্লাস চলাকালীন সময়ে বাইরে ঘোরাঘুরি করছিল সে। যা দেখতে পেয়ে তাকে কিছুটা ধমক দেন শিক্ষিকা চৈতালী চাকি। শাস্তি দেবার জন্য তার কানটিও টেনে ধরেন তিনি বলেও অভিযোগ। আর তার পরেই ঘটে বিপত্তি। স্কুল ছুটি হতেই বিষয়টি তার পরিবারের লোকেদের জানায় নবম শ্রেণির ওই ছাত্রী। আর তাতেই বেজায় চটে ওঠেন অভিভাবকরা। শুক্রবার সদলবলে বিদ্যালয়ে চড়াও হন তারা। স্টাফ রুমে ঢুকে একপ্রকার বিবস্ত্র করে মারধর করা হয় ওই শিক্ষিকাকে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। আতঙ্কিত হয়ে ওঠেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও।

