পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ জুন: “শিক্ষাই জাতীর মেরুদণ্ড, কৃতি ছাত্র-ছাত্রীরাই আগামীর ভবিষ্যৎ”— এই সংকল্পকে সামনে রেখে মেদিনীপুর শহরের ১৭ নম্বর ওয়ার্ড কংগ্রেস এবং যুব কংগ্রেসের উদ্যোগে এক বর্ণাঢ্য কৃতি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় পাথরঘাটা ইয়ংস কর্নার অ্যাথলেটিক ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সদ্য সমাপ্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র- ছাত্রীদের সম্মান জানানো হয়।

অনুষ্ঠানে এলাকার প্রায় দেড়শো ছাত্র-ছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় প্রশংসাপত্র ও শুভেচ্ছা স্মারক। কৃতী পড়ুয়াদের এই সাফল্যকে স্বীকৃতি জানাতে এবং তাদের আগামী দিনের শিক্ষা জীবনে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের কংগ্রেস সভাপতি এস এইচ জামান, অশোক রায়, শহর কংগ্রেসের দ্বায়িত্ব প্রাপ্ত নেতা মহম্মদ সাইফুল, ওয়ার্ডের যুব কংগ্রেস নেতা আহমেদ হোসেন, মীর আরিফ, কংগ্রেস নেতা তথা শিক্ষাবিদ সঞ্জীৎ শীট সহ সমাজকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা তাঁদের বক্তব্যে ছাত্র- ছাত্রীদের অধ্যবসায়, পরিশ্রম ও সাফল্যের প্রশংসা করেন। পাশাপাশি তাঁরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধুমাত্র পরীক্ষায় ভালো ফল করাই নয়, প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, বর্তমান যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাকে আরও যুগোপযোগী করে তুলতে হবে। আধুনিক জ্ঞান, বিজ্ঞানমনস্কতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে শিক্ষার্থীদের দেশ ও সমাজ গঠনের কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানানো হয়। তাঁদের মতে, আজকের ছাত্র- ছাত্রীরাই আগামী দিনে নেতৃত্ব দেবে এবং দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি হয়ে উঠবে।
অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। সম্বর্ধনা পেয়ে ছাত্র- ছাত্রী ও তাঁদের অভিভাবকরাও উচ্ছ্বাস প্রকাশ করেন। আয়োজকদের এই উদ্যোগকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন। শিক্ষা ও মেধার স্বীকৃতির মাধ্যমে নতুন প্রজন্মকে উৎসাহিত করার এমন উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়।

