পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
২১ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার ভোর ৬টা ৩০ মিনিট থেকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য যোগাভ্যাস কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প (এনএসএস) সেল, ক্রীড়া বিভাগ এবং পতঞ্জলি যোগ ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৩০০ জন ছাত্র- ছাত্রী, অধ্যাপক, আধিকারিক, শিক্ষক ও অ অশিক্ষক কর্মী ও এনএসএস স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে যোগাভ্যাসে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর, রেজিস্ট্রার ড: জয়ন্ত কিশোর নন্দী, এনএসএস কর্মসূচি সমন্বয়ক অধ্যাপক দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, ক্রীড়া আধিকারিক সুভাষ বারিক এবং পতঞ্জলি যোগ ক্লাবের সমন্বয়ক অধ্যাপক ব্রজগোপাল বাগ।

যোগাভ্যাস চলাকালীন মন্ত্রোচ্চারণের সুরেলা ধ্বনি সমগ্র পরিবেশকে এক অনন্য উদ্দীপনা ও আধ্যাত্মিক আবহে ভরিয়ে তোলে, যা উপস্থিত সকলের মধ্যে নতুন প্রাণশক্তি ও উৎসাহ সঞ্চার করে।

এই উপলক্ষে মাননীয় উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর সুস্থ ও সুশৃঙ্খল জীবনযাপনে যোগচর্চার গুরুত্বের ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, নিয়মিত যোগাভ্যাস শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি কর্মদক্ষতা বৃদ্ধি এবং মানসিক চাপ কমাতে সহায়ক।

অনুষ্ঠানের সমাপ্তি ঘটে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। সমগ্র অনুষ্ঠানটি সুস্থ জীবনধারা, শারীরিক ও মানসিক সুস্থতা এবং সামাজিক ঐক্যের বার্তা বহন করে।

